ফার্স্ট ক্লাস ও লিস্ট ‘এ’ ক্রিকেটের পার্থক্য কী?

ক্রিকেটে রয়েছে একাধিক ফরম্যাট। এর মধ্যে পাঁচ দিনের লাল বলের ক্রিকেট তথা টেস্ট সবচেয়ে পুরোনো। শত বছরেরও বেশি সময় ধরে এই ফরম্যাটে ক্রিকেট খেলা হচ্ছে। আঞ্চলিক টুর্নামেন্ট কিংবা দ্বিপক্ষীয় সিরিজের সফরে অবশ্য তিন বা চার দিনের ম্যাচও অনুষ্ঠিত হয়।

এরপর রয়েছে সাদা বলের সীমিত ওভারের ক্রিকেট। এই ফরম্যাট মূলত ৫০ ওভার ও ২০ ওভারে বিভক্ত। দুই ক্ষেত্রেই ম্যাচ শেষ হয় একদিনের মধ্যেই।

ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের এই সামগ্রিক ধারণার পর এবার আসা যাক ফার্স্ট ক্লাস ও লিস্ট ‘এ’ ক্রিকেটের পার্থক্যে।

লিস্ট ‘এ’ ক্রিকেট কী?

‘লিস্ট ‘এ’ ক্রিকেট’ মূলত ৫০ ওভারের ক্রিকেটকে বুঝিয়ে থাকে। তবে কোনও কোনও ক্ষেত্রে ৪০ থেকে ৬০ ওভারের ম্যাচও লিস্ট ‘এ’ মর্যাদা পেতে পারে। সাধারণত এই ধরনের ম্যাচ আট ঘণ্টা বা তার কম সময়ে শেষ হয় এবং দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ১০০ ওভার খেলা হয়।

বিশ্বজুড়ে আইসিসি স্বীকৃত ক্রিকেট বোর্ডগুলোর আয়োজিত ৫০ ওভারের ক্রিকেটের বিভিন্ন সংস্করণই সাধারণত লিস্ট ‘এ’ মর্যাদার আওতায় পড়ে।

উদাহরণ হিসেবে অস্ট্রেলিয়ার মার্শ ওয়ানডে কাপ, ইংল্যান্ডের ওয়ানডে কাপ, দক্ষিণ আফ্রিকার ওয়ানডে কাপ—এ ধরনের প্রতিযোগিতাগুলো লিস্ট ‘এ’ ক্রিকেটের অন্তর্ভুক্ত।

টেস্ট মর্যাদাপ্রাপ্ত ১২টি পূর্ণ সদস্য দেশ—ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও বাংলাদেশ—এসব দেশের স্বীকৃত ৫০ ওভারের ঘরোয়া ম্যাচ লিস্ট ‘এ’ মর্যাদা পায়।

এছাড়া আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচও লিস্ট ‘এ’ ক্রিকেট হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ বিশ্বকাপ কিংবা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগের মতো বাছাই পর্বের প্রতিযোগিতায় খেলা স্বীকৃত ওয়ানডে ম্যাচগুলোও লিস্ট ‘এ’ মর্যাদা পায়।

ফার্স্ট ক্লাস ক্রিকেট কী?

ফার্স্ট ক্লাস ক্রিকেট বলতে মূলত তিন বা তার বেশি দিনের লাল বলের ক্রিকেটকে বোঝানো হয়। সাধারণত চার ও পাঁচ দিনের ম্যাচ ফার্স্ট ক্লাস ক্রিকেটের আওতায় পড়ে। দ্বিপক্ষীয় সিরিজের আগে সফরকারী দলের তিন দিনের ম্যাচও ফার্স্ট ক্লাস মর্যাদা পেতে পারে, যদি ম্যাচটি ১১ জনের বিপক্ষে ১১ জনের হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত পূরণ করে।

টেস্ট মর্যাদাপ্রাপ্ত দেশগুলোর শীর্ষ ঘরোয়া লাল বলের প্রতিযোগিতাগুলো স্বাভাবিকভাবেই ফার্স্ট ক্লাস মর্যাদা পায়। যেমন- ভারতের রঞ্জি ট্রফি, ইরানি কাপ ও দুলীপ ট্রফি; অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ড; ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ; পাকিস্তানের কায়েদ-ই-আজম ট্রফি এবং নিউজিল্যান্ডের প্লাঙ্কেট শিল্ড।

আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। দুই টেস্ট খেলুড়ে দেশের মধ্যে অনুষ্ঠিত টেস্ট ম্যাচের পরিসংখ্যান ফার্স্ট ক্লাস ক্রিকেটের পরিসংখ্যানের অন্তর্ভুক্ত হয়।