ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

জো রুট ও জর্ডান কক্সের দৃঢ়তায় বড় জয় নিয়ে মাঠ ছাড়লো ইংল্যান্ড। এতে ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকেরা। এজবাস্টন টেস্টের চতুর্থ দিন ৮ উইকেটে জিতেছে ইংলিশরা। 

শনিবার (১২ সেপ্টেম্বর) প্রথম সেশনেই ১৩০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা। ম্যাচের নিয়ন্ত্রণ  শুরু থেকেই ছিল স্বাগতিকদের হাতে। পাকিস্তানকে প্রথম ইনিংসে ১৩৩ রানে আটকে পরবর্তীতে তারা করে ৪৫৩ রান। ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে করে ৪৪৯ রান।

হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৩ রানে হারায় ইংল্যান্ড। আর লর্ডসে পায় ১৯৪ রানের জয়।

লিডসে ৬৬ রানের ইনিংস দিয়ে সিরিজ শুরু করা রুট শেষটাও করেন ফিফটি দিয়ে। ৮ চারে ৬২ রান করে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন ইংলিশ অধিনায়ক।

সিরিজে তৃতীয় ফিফটিতে ৮ চারে ৫৯ রানে অপরাজিত থাকেন কক্স। রুটের সঙ্গে ১২৮ রানের জুটি গড়ে দলের জয় অবদান রাখেন তিনি।

প্রথম ইনিংসে ৬৫ রান ও বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ড্যান লরেন্স। সিরিজ সেরা হন যৌথভাবে পাকিস্তানের মোহাম্মাদ আব্বাস ও ইংল্যান্ডের অলি রবিনসন।