বাংলাদেশের পেস বোলিংয়ে এখন আর আগের সেই আক্ষেপ নেই। বরং আন্তর্জাতিক ক্রিকেটে পেসাররাই হয়ে উঠেছেন দলের বড় শক্তি। সেই ধারাকে আরও সমৃদ্ধ করতে এবার দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ছে বিসিবির চোখ। খোঁজা হবে পরবর্তী প্রজন্মের পেসার। যাদের কেউ হয়তো একদিন রুবেল হোসেনের মতো টেপ টেনিসের মাঠ থেকে উঠে এসে লাল-সবুজের জার্সিতে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাবেন।
নতুন প্রজন্মের পেসার খুঁজে বের করতে দেশজুড়ে প্রতিভা অন্বেষণ কর্মসূচির অংশ হিসেবে বিসিবি ও রবি আজিয়াটা পিএলসি যৌথভাবে আয়োজন করছে ‘রবি বোলার হান্ট’ নামের এই কার্যক্রম।
মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন হবে বলে জানিয়েছে বিসিবি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারাও অনুষ্ঠানে থাকবেন।
নতুন এই উদ্যোগের পেছনে রয়েছে ২০০৭ সালের দেশব্যাপী পেসার খোঁজার সফল অভিজ্ঞতা। সে সময় বিসিবি ও গ্রামীণফোন যৌথভাবে এমন একটি কর্মসূচি আয়োজন করেছিল। সেই কার্যক্রমের অন্যতম বড় আবিষ্কার ছিলেন বাগেরহাটের রুবেল হোসেন। টেপ টেনিস বলের ক্রিকেট থেকে উঠে এসে পরে তিনি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলেছেন।
বর্তমানে জাতীয় দলের পেস আক্রমণেও রয়েছে একঝাঁক কার্যকর অস্ত্র। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিবরা নিয়মিতই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন। এই অগ্রযাত্রা ধরে রাখতে নিয়মিত নতুন প্রতিভা খুঁজে বের করা জরুরি বলে মনে করছে বিসিবি।