তানজিদের ঝড়ো ব্যাটিং, দারুণ সূচনায় লাঞ্চ বিরতিতে বাংলাদেশ 

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম সেশনটা দাপটের সঙ্গে কাটিয়েছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসানের ঝড়ো হাফসেঞ্চুরিতে আধিপত্য বিস্তার করে লাঞ্চ বিরতিতে গেছে সফরকারী দল। প্রথম সেশন শেষে ২৬ ওভারে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ১৩৪ রান। ব্যাট করছেন মুমিনুল হক ৫* ও সাদমান ইসলাম ৪১*। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে তারা। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেশনে ৫.১৫ রান রেটে ব্যাট করেছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসানের ঝড়ো ৮৩ রানের ইনিংস শুরুর ছন্দ ঠিক করে দিয়েছে। 

৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেন তানজিদ। ২৩তম ওভারে ইসমত আলমের বলে উইকেটকিপার ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তাতে শেষ হয় সাদমান ইসলামের সঙ্গে তার ১২৪ রানের উদ্বোধনী জুটি।

সাদমান অবশ্য এখনও উইকেটে আছেন। ৭৯ বল খেলে পাঁচটি চারে ৪১ রান করে অপরাজিত তিনি। 

প্রথম সেশনে আফগানিস্তানের একমাত্র সফল বোলার ইসমত আলম। ৭ ওভার বল করে ১৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন তিনি।