মুশফিক-শান্তর ব্যাটে বড় লিডের পথে বাংলাদেশ

আবুধাবিতে একমাত্র টেস্টের তৃতীয় দিন বিকালে আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর দৃঢ় ব্যাটিংয়ে চায়ের বিরতিতে ৩ উইকেটে ১২৪ রান তুলেছে তারা। বিরতি থেকে ফিরে ৩০তম ফিফটি তুলে নিয়েছেন মুশফিক। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৩ উইকেটে ১৪০ রান। তাদের লিড ২৪৬ রান। 

চতুর্থ উইকেটে ৮৭ রানের জুটিতে অবিচ্ছিন্ন রয়েছেন মুশফিক ও শান্ত। মুশফিক ৫৫ রানে ব্যাট করছেন। নাজমুল হোসেন শান্ত ব্যাট করছেন ৩২ রানে। এর আগে লাঞ্চ বিরতির পরপরই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। দীর্ঘ স্পেলে বোলিং করতে থাকা ইয়ামিন আহমাদজাইয়ের বলে দ্বিতীয় স্লিপে শহিদুল্লাহর হাতে ক্যাচ দেন তানজিদ হাসান (৩১)। আহমাদজাইয়ের এটি দ্বিতীয় উইকেট।

এরপরই নজর পড়ে মুশফিকের দিকে। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে ক্রিজে এসে তিন ওভার পরই ক্লিপ করে চার মেরে রানের খাতা খোলেন। এরপর নিয়মিত বাউন্ডারি বের করতে থাকেন মুশফিক। 

দিনের প্রথম সেশনেও দুটি উইকেট তুলে নিয়েছিল আফগানিস্তান। মোহাম্মদ সেলিমের বলে ক্যাচ দেন সাদমান ইসলাম (১৩)। প্রথম ইনিংসেও একই বোলারের বলে প্রায় একইভাবে আউট হয়েছিলেন তিনি।

এরপর ইয়ামিন আহমাদজাইয়ের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল হক (৭)।