সৌরভ গাঙ্গুলীর সেই উদযাপন এবার বড় পর্দায়, ট্রেলার দেখে মুগ্ধ রোহিত

লর্ডসে জার্সি খুলে ওড়াচ্ছেন সৌরভ গাঙ্গুলী। ২০০২ সালের সেই দৃশ্য আজও ভারতীয় ক্রিকেটের অন্যতম স্মরণীয় মুহূর্ত। ইংল্যান্ডকে হারিয়ে ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনাল জয়ের সেই উদযাপন এবার উঠে আসছে বলিউডের বড় পর্দায়। ‘দুসরা’ নামের নতুন সিনেমাটির ট্রেলার দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউড অভিনেতা অনিল কাপুর ও ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। অভিনয় দেও পরিচালিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ২৩ অক্টোবর।

ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক এক মুহূর্তকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দুসরা’। তবে এটি কেবল ক্রিকেটের গল্প নয়। রক্ষণশীল পরিবারের সামাজিক বিধিনিষেধের বিরুদ্ধে দাঁড়াতে চাওয়া এক কিশোরীর আত্মপরিচয় খুঁজে পাওয়ার গল্পও তুলে ধরা হয়েছে এতে।

সিনেমার কেন্দ্রে রয়েছে ইংল্যান্ডের দেওয়া লক্ষ্য তাড়া করে ভারতের ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনাল জয়ের পর গাঙ্গুলীর বিখ্যাত জার্সি ওড়ানোর দৃশ্য। ভারতীয় ক্রিকেটের আত্মবিশ্বাস ও প্রতিপক্ষের সামনে মাথা নত না করার প্রতীক হয়ে আছে সেই উদযাপন।

‘দুসরা’য় গাঙ্গুলীর সেই মুহূর্ত অনুপ্রেরণা জোগায় ‘তারা’ নামের এক কিশোরীকে। নিজের কথা বলার সাহস খুঁজে ফিরছিল সে। টেলিভিশনে ঐতিহাসিক সেই দৃশ্য দেখার পর নিজের ওপর চাপিয়ে দেওয়া বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তোলার এবং নিজের অধিকারের পক্ষে দাঁড়ানোর সাহস পায় ‘তারা’।

২০০২ সালে ভারতের ঐতিহাসিক জয়ের সময় রোহিত শর্মার বয়স ছিল ১৫ বছর। সেই স্মৃতি মনে করে তিনিও প্রশংসা করেছেন সিনেমাটির। তার মতে, ‘দুসরা’ ক্রিকেটের বাইরেও সেই জয়ের তাৎপর্য তুলে ধরেছে।

রোহিত বলেছেন, ‘২০০২ সালের ন্যাটওয়েস্ট ফাইনালে ভারতের জয়ের সময় আমার বয়স ছিল ১৫ বছর। কী দারুণ এক মুহূর্ত! শুধু ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়া নয়, দলের আত্মবিশ্বাসও ছিল অসাধারণ। ‘দুসরা’ সুন্দরভাবে তুলে ধরেছে, কেন সেই মুহূর্তটি কেবল একটি ম্যাচ জয়ের চেয়েও অনেক বড় ছিল। ট্রেলার দেখলাম। ছবিটি দেখার অপেক্ষায় আছি।’