ক্রিকেট ম্যাচ চলার সময় বৃষ্টি নামলে সাধারণত খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। বৃষ্টির কারণে ক্রিকেটাররা মাঠে নামতেই পারেন না। তবে হালকা বৃষ্টিতে মাঠের পরিস্থিতি নিরাপদ মনে হলে আম্পায়াররা খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়ে থাকেন। কিন্তু কখনও কি ভেবেছেন, তুমুল বৃষ্টিতে খেলা কেন হতে দেখা যায় না?
ভারী বৃষ্টিতে ক্রিকেট খেলা বন্ধ রাখার পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রথমত, খেলোয়াড়দের নিরাপত্তা। বৃষ্টিতে মাঠ ও পিচ পিচ্ছিল হয়ে গেলে দৌড়ানোর সময় ক্রিকেটারদের পিছলে পড়ে চোট পাওয়ার আশঙ্কা থাকে। উইকেটের ওপর দিয়ে স্বাভাবিকভাবে দৌড়ানোও কঠিন হয়ে পড়ে।
এছাড়া বৃষ্টির পানি পিচ, বল ও উইকেটের ক্ষতি করতে পারে। মাঠ ঢেকে রাখার জন্য কাভার বা সুরক্ষার অন্য ব্যবস্থা না থাকলে বৃষ্টির পানি খেলার মাঠ নষ্ট করে দিতে পারে।
এ কারণেই পিচ ও মাঠের গুরুত্বপূর্ণ অংশগুলো কাভার দিয়ে ঢেকে রাখা হয়। এতে পানি দ্রুত নিষ্কাশন এবং মাঠ শুকিয়ে খেলার উপযোগী করে তোলা সহজ হয়। পিচের অবস্থা যত ভালো থাকবে, ততই উন্নত মানের ক্রিকেট খেলার সম্ভাবনা বাড়বে।
তবে বৃষ্টি শুরু হওয়ার পরও পরিস্থিতি বিপজ্জনক না হলে খেলা চলতে পারে। কিন্তু নির্ধারিত বিরতি, বৃষ্টিজনিত বিলম্ব কিংবা দিনের খেলা শুরুর আগে ক্রিকেটাররা মাঠের বাইরে থাকলে বৃষ্টি চলাকালে তাদের মাঠে নামানো যায় না। বৃষ্টি থামার পর মাঠ ও খেলার পরিস্থিতি নিরাপদ বলে বিবেচিত হলেই কেবল খেলা শুরু করা সম্ভব।