শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ

সিলেটে দ্বিতীয় টেস্টে প্রথম সেশনের প্রথম ঘণ্টায় ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট নিতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু সেই চাপটা পরে আর ধরে রাখতে পারেনি তারা। আস্তে আস্তে ক্যারিবিয়ানদের হয়ে প্রতিরোধ গড়া শুরু করেন কেভন উইকহ্যাম ও আমির জাঙ্গু। 

তাদের প্রতিরোধেই দ্বিতীয় সেশন দাপটে কাটায় সফরকারী দল। প্রথম সেশনে ৩ উইকেটে ৮৬ রান করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় সেশন শেষ করেছে ৪ উইকেটে ১৮০ রানে। এই সেশনে বাংলাদেশের স্বস্তির দিকটা হচ্ছে দাপট দেখানো ১৩১ রানের জুটি ভেঙেছেন হাসান মাহমুদ। ২৫১ বল স্থায়ী জুটিটি ভাঙে হাসানের বলে উইকহ্যাম ৬১ রানে বোল্ড হলে। 

দ্বিতীয় সেশনে তাই বাংলাদেশের শিকার ছিল কেবল একটি। একবার জীবন পাওয়া আমির জাঙ্গু এখনও অপরপ্রান্তে ৭৬ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে ১৬ রানে ব্যাট করছেন জাস্টিন গ্রিভস। পতন হওয়া ৪ উইকেটের মধ্যে হাসান নিয়েছেন দুটি। বাকি দুটি নিয়েছেন তাসকিন আহমেদ। 

এর আগে টস জিতে ব্যাট করতে নামা ক্যারিবিয়ানদের ওপর শুরুতেই আঘাত হানেন তাসকিন। ব্র্যান্ডন কিংকে ৯ রানে বোল্ড করেন তিনি। তার পর কাভেম হজকে বোল্ড করেন হাসান। জশুয়া ডা সিলভাকে দ্রুত সময়ে তাসকিন এলবিডাব্লিউ করলে ২৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ব্যাক ফুটে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ। তার পর কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গুর ব্যাটে ম্যাচে ফেরে তারা। দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে ৯৪ রান যোগ করেছে।