কোকেন সেবনে এক মাস নিষিদ্ধ ক্রিস লিন, তবে..

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্রিস লিনকে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। কোকেন সেবনের ঘটনায় শাস্তির মুখে পড়েছেন বিগ ব্যাশের পরিচিত এই ব্যাটার।

তবে নিষেধাজ্ঞার খবর প্রকাশ্যে এসেছে শুক্রবার (৬ নভেম্বর)। এরই মধ্যে শাস্তির মেয়াদ শেষ করেছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা টি-টোয়েন্টি ব্লাস্টে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলছিলেন লিন। গত ১৮ জুলাই ফাইনালস ডেতে তার ডোপ পরীক্ষা করা হয়। সেদিনই শিরোপা জেতে নর্দাম্পটনশায়ার। পরীক্ষায় তার নমুনায় কোকেনের বিপাকজাত উপাদান বেনজোইলেকগোনিনের উপস্থিতি পাওয়া যায়।

পরীক্ষার ফল জানার পর ৩১ জুলাই সাময়িকভাবে নিষিদ্ধ হন লিন। পরে তিনি স্বীকার করেন, ১৫ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে কোকেন সেবন করেছিলেন। তবে তার দাবি ছিল, ঘটনাটি প্রতিযোগিতার বাইরে ঘটেছে এবং ক্রিকেটীয় পারফরম্যান্সের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা শুরুতে তিন মাসের নিষেধাজ্ঞার কথা বিবেচনা করেছিল। তবে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ায় তার শাস্তি কমিয়ে এক মাস করা হয়। গত ৩০ আগস্ট সেই কর্মসূচি শেষ করেন তিনি। নিষেধাজ্ঞার মেয়াদও ইতোমধ্যে শেষ হয়েছে।

অস্ট্রেলিয়ার হয়ে চারটি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন লিন। বিগ ব্যাশ লিগের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। তবে নিষেধাজ্ঞার পর থেকে পেশাদার ক্রিকেটে আর খেলেননি এই ব্যাটার। আসন্ন বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে তার যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।