দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে চার বোলার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। তাতে দুই নিয়মিত ওপেনারের পাশাপাশি একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে তাওহীদ হৃদয়েরও। শনিবার জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্ট সামনে রেখে এমন ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে অপরাজিত ২৪২ রানের ইনিংস খেলার পর দক্ষিণ আফ্রিকা সফরে হৃদয়ের একাদশে থাকা নিয়ে আলোচনা শুরু হয়। এদিকে গোড়ালির চোটে ওপেনার সাদমান ইসলাম ছিটকে যাওয়ায় তার বিকল্প হিসেবে মোহাম্মদ নাঈম ও প্রথমবারের মতো দলে ডাক পাওয়া মাহফিজুল ইসলাম রবিনকে নেওয়া হয়েছে। তাদের সঙ্গে আছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম।
তিন ওপেনারের মধ্য থেকে দুজনকে খেলানো হবে, নাকি অধিনায়ক নাজমুল নিজেই ওপেনিংয়ে নামবেন- এ নিয়ে আলোচনা ছিল। দুই ওপেনার খেললে হৃদয়কে জায়গা দিতে বাদ পড়তে পারেন মুমিনুল হক কিংবা মুশফিকুর রহিমের একজন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মুশফিক না থাকায় সুযোগ পেয়েছিলেন হৃদয়। দ্বিতীয় টেস্টে মাথায় আঘাত পাওয়ার পর বিশ্রামে থাকা মুমিনুলের জায়গায় খেলেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে একাদশে নিজের জায়গা পাকা করেছেন হৃদয়।
অতীতে টেস্টে ওপেন করেছেন নাজমুল। সর্বশেষ ইনিংসেও ছিলেন ওপেনিংয়ে। তবে অধিনায়ক জানিয়েছেন, নাঈম ও মাহফিজুলের মধ্যে কাদের ওপেনার হিসেবে দেখতে চান, সে বিষয়ে তাদের পরিকল্পনা পরিষ্কার।
নাজমুল বলেন, ‘রবিন (মাহফিজুল) শুধু ডানহাতি বলে দলে এসেছে, বিষয়টি এমন নয়। এটা আমাদের পরিকল্পনার অংশ। প্রথম শ্রেণির ক্রিকেটে সে যেভাবে পারফর্ম করেছে, তাতে আমার মনে হয় এই দলে জায়গা পাওয়ার যোগ্যতা তার আছে।’
তিনি আরও বলেন, ‘নাঈম শেখও গত কয়েক বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করছে। দুজনই ভালো ফর্মে আছে। তবে কে কোথায় খেলবে, সেটা নিয়ে এখন কথা বলতে চাই না। দুজনই ভালো ছন্দে আছে। কাকে খেলাতে চাই, সেটা আমরা জানি। তবে বিষয়টি আমাদের মধ্যেই থাক।’
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের অনুশীলন দেখে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে ছন্দহীনতায় ভোগা তাইজুল ইসলামকে প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে। নেটে হৃদয় কতটা বোলিং করছেন, সেটিও ছিল আলোচনায়। এর আগে নাজমুলের অনুরোধে মুমিনুল হক বোলিংয়ের অনুশীলন বাড়াচ্ছেন বলে খবর প্রকাশিত হয়েছিল। নেটেও তাকে দীর্ঘ সময় বোলিং করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, পঞ্চম বোলারের দায়িত্ব সামলাতে পারেন এই দুজন।
বোলিং আক্রমণ নিয়ে নাজমুল বলেন, ‘আমার মনে হয় তিনজন পেসার থাকতেই হবে। পাশাপাশি একজন স্পিনারও থাকা উচিত। আপনারা দেখেছেন, স্পিনাররাও ভালো অবদান রাখছে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় মিরাজ যেভাবে বোলিং করেছে। তাই আমার মনে হয়, আমরা এই সমন্বয় নিয়ে খেলতে পারি।’
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে উইকেট আরও একবার দেখে নিতে চান অধিনায়ক। তিনি বলেন, ‘এখনো এক দিন বাকি আছে। সকালে এসে উইকেট আবার দেখব, তারপর সিদ্ধান্ত নেব। গত কয়েক বছর ধরেই মুমিনুল ভাইকে বলে আসছি, নেটে নিয়মিত বোলিং করতে। সে এখন সেটাই করছে। এই দুটি মাঠের কন্ডিশন আমাদের আগে খেলা জায়গাগুলোর চেয়ে কিছুটা আলাদা। তাই আমার মনে হয়, বোলিং আক্রমণেও কিছুটা ভিন্নতা থাকবে।’