দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে সমতায় ফেরার পর মনে হচ্ছিল, ড্র নিয়েই মাঠ ছাড়বে দুই দল। কিন্তু শেষ মুহূর্তে সব হিসাব পাল্টে দিয়েছে এশিয়ার পরাশক্তি জাপান। ইনজুরি টাইমে তাতসুহিরো সাকামোতোর গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে এশিয়ার দলটি।
সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে শনিবারের ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে জাপান। বদলি হিসেবে নামা সাকামোতো ৯০ মিনিটে গোলরক্ষক পেদ্রো মরিস্কোর মাথার ওপর দিয়ে বল জালে পাঠান। এর আগে তাকেফুসা কুবো ও কেইতো নাকামুরার গোলে ২০ মিনিটের মধ্যেই দুই গোলের লিড নেয় জাপান। পরে ৩৩ ও ৭৫ মিনিটে ভিনিসিয়ুসের দুই গোলে সমতায় ফেরে ব্রাজিল।
সাকামোতোর গোলের আগে বল দখলের লড়াইয়ে জাপানের তাকুমি মিনামিনো ফাউল করেছে বলে অভিযোগ করে ব্রাজিল। সিঙ্গাপুরের রেফারির কাছে সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে লাল কার্ড দেখেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও অধিনায়ক রাফিনহা। রাফিনহাকে অবশ্য তার আগেই তুলে নেওয়া হয়েছিল।
ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের রক্ষণে অস্বস্তি তৈরি করে জাপান। সেলেসাওদের হাই লাইন ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিয়ে দ্রুত আক্রমণে ওঠে তারা। ২০ মিনিটের মধ্যেই কুবো ও নাকামুরার গোলে দুই গোলের ব্যবধান গড়ে ফেলে স্বাগতিকরা। প্রথম গোল নিয়েও ক্ষুব্ধ ছিল ব্রাজিল শিবির।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে দারুণভাবে ম্যাচে ফেরে ব্রাজিল। একের পর এক আক্রমণে জাপানকে চাপে রাখে তারা। এর মধ্যে ভিনিসিয়ুসের জোরালো শট জাপানের গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করে। বিরতির আগে ব্রাজিলের আক্রমণ সামলাতে রীতিমতো ব্যস্ত থাকতে হয় জাপানকে।
বিরতির পরও আক্রমণ চালিয়ে যায় ব্রাজিল। ভিনিসিয়ুসের দুর্দান্ত বাঁকানো শটে সমতায় ফেরে তারা। সুজুকি ঝাঁপিয়ে পড়ে বল ঠেকানোর চেষ্টা করলেও তা পোস্টে লেগে ফিরে আসে। এরপর অন্য পোস্টে লেগে বল জালে ঢোকে। তাতে ম্যাচে ফেরার পাশাপাশি জয়ের স্বপ্নও দেখতে শুরু করে ব্রাজিল।
কিন্তু শেষ হাসি হাসে জাপান। ইনজুরি টাইমে সাকামোতোর গোলেই নিশ্চিত হয় তাদের জয়। এই জয়ের মধ্য দিয়ে গ্রীষ্মে বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে হারের প্রতিশোধও নিয়েছে জাপান। সেই ম্যাচে হিউস্টনে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে জিতেছিল ব্রাজিল। এবার সিঙ্গাপুরে শেষ মুহূর্তের গোলেই ব্রাজিলকে হারিয়ে দিলো জাপান।
পাকিস্তানের বিপক্ষে একাদশে আসতে পারেন শুকি ও রহমত