তিনবার পিছিয়ে পড়ার পরও রোনালদোর জোড়া গোলে হাঙ্গেরির বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে রোনালদোর পর্তুগাল। এদিন পর্তুগালের হয়ে দুটি গোল করেন সিআর সেভেন। আরেকটি গোল করেছেন নানি। হাঙ্গেরির হয়ে দুটি গোল করেন বালাস ডিজসুদজাস্ক। একটি গোল করেন জলতান গেরা। টানা তিন ম্যাচ ড্র করে গ্রুপ 'এফ'-এর তিন নম্বর দল হিসেবে ইউরোর শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। একইসঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে হাঙ্গেরি। দিনের অন্য ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হিসেবে শেষ ষোলোতে উঠেছে আইসল্যান্ড।
খেলার ১১ মিনিটে প্রথম গোলের সুযোগ পেয়েছিল পর্তুগাল। নানির হেডটি চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। তার পেছনে আরও ভালো পজিশনে ছিলেন রোনালদো। তিনি হেড নিলে হয়তো গোল পেতেও পারতে পর্তুগাল। ম্যাচের ১৯ মিনিটে পতুগিজদের স্তব্ধ করে এগিয়ে যায় হাঙ্গেরি। বক্সের সীমানা থেকে দারুণ এক শটে গোল করে হাঙ্গেরিকে এগিয়ে দেন জলতান গেরা। গোল শোধে মরিয়ে হয়ে উঠেন রোনালদো-নানিরা। ৩৯ মিনিটে গোলও করে বসেন মৌটিনহো। তবে অফসাইডের খাড়ায় সেটি বাতিল হয়ে যায়।
৪০ মিনিটে এগিয়ে যেতে পারতো হাঙ্গেরিও। এসজালাইয়ের দিকে দারুণ এক পাস দিয়েছিলেন লভরেনসিস। তবে বলটি কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন কার্ভালহো। এর তিন মিনিট পর সমতায় ফেরে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত এক পাস থেকে গোল করেন নানি। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় উভয় দল।
দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে ফের লিড নেয় হাঙ্গেরি। দলকে এগিয়ে দেন বালাস ডিজসুদজাস্ক। তবে হাঙ্গেরিকে বেশিক্ষণ লিড ধরে রাখতে দেননি সিআর সেভেন। ৫০ মিনিটে জোয়াও মারিওর পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। দীর্ঘ তিন ম্যাচ পর গোলের দেখা পেলেন তিনি। একইসঙ্গে ইউরোর ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে টানা চারটি টুর্নামেন্টে গোল করার কৃতিত্ব দেখালেন রোনালদো।
৫৬ মিনিটে আবারও হতাশায় পুড়তে হয় রোনালদোদের। হাঙ্গেরিকে ৩-২ গোলে এগিয়ে দেন বালাস ডিজসুদজাস্ক। তাতেও দমে যায়নি পর্তুগাল। এরপর আবারও আঘাত হানেন রোনালদো। খেলার ৬১ মিনিটে দারুণ রিকার্ডো কোয়ারেজমার এক ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো।
৭৩ মিনিটে ফের এগিয়ে যাওয়ার সুযোগ পায় পর্তুগাল। কিন্তু রোনালদোর দারুণ ক্রসে হেড নিলেও প্লেসিং ভালো না হওয়ায় গোল পাননি নানি। শেষ পর্যন্ত ৩-৩- গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
/এমআর/