দুই বছর আগে ভুটানের কাছে হেরে প্রায় এলোমেলো হয়ে গিয়েছিল বাংলাদেশের ফুটবল। এএফসি এশিয়ান কাপের প্রাক বাছাই পর্বের ওই হার র্যাংকিংয়ে বাংলাদেশকে পেছনে ঠেলে দিয়েছিল অনেক। এবার সেই হিসাব নিকাশ চুকিয়ে দিতে চান জেমি ডের অধীনে কিছুটা গুছিয়ে ওঠা জামাল-মামুনুলরা।
প্রতিশোধের চিন্তায় খেলোয়াড়রা মত্ত হলেও নিজেদের প্রথম ম্যাচ নিয়ে নির্ভার তারা। কোচ জেমি ডের কণ্ঠে নেই দুশ্চিন্তার কোনও ছাপ, তাছাড়া প্রতিশোধের কোনও আভাস দিলেন না তিনি, ‘ভুটানের ওই ম্যাচে আমি কোচ ছিলাম না। এই দলেও ওই ম্যাচ খেলা অনেকেই নেই। এখানে তাই প্রতিশোধের ব্যাপার নেই। আমরা শুধুমাত্র একটি ম্যাচ খেলব।’
এশিয়াডে প্রথমবার নক আউট খেলে নীলফামারীতে একমাত্র আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদেশ। ওই ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো টুকে নিয়ে সাফে ব্যবহার করতে চান জেমি, ‘শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও অনেক ইতিবাচক বিষয় ছিল। আমরা ওই ম্যাচে আধিপত্য করেছিলাম, সুযোগও তৈরি করেছিলাম অনেক। যদিও গোল করতে পারিনি। আশা করছি সাফে এমন কিছু হবে না। আমরা গোল পাব।’
সাফে এর আগে পাঁচবার ভুটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ, হারেনি কখনও। চারটি জয়, আর বাকিটা ড্র। এবার সেই বৃত্ত থেকে বেরিয়ে প্রথম জয়ের মুখ দেখতে চায় ভুটান বাংলাদেশের বিপক্ষে। ব্যাংককে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে তারা তৈরী।
২০১৬ সালের অক্টোবরের ওই জয়ের ঘটনা মনে করিয়ে দিতেই মরগ্যানের সোজাসাপ্টা জবাব, ‘ওই ম্যাচটি হয়েছে অনেক আগে। মাঝের সময়ে দুই দলই বদলেছে। এটা নতুন প্রতিযাগিতা, তাই চিন্তা-ভাবনা ও পরিকল্পনা করতে হবে নতুন করে।’