রোনালদো পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর। গত দুই বছরে পুরস্কারটি ছিল তার দখলেই। এবারও তিনি দৌড়ে আছেন রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতায়। মাদ্রিদের ক্লাবটির হয়ে ইউরোপিয়ান ট্রফি জয়ের সঙ্গে বিশ্বকাপে পর্তুগালের হয়ে হ্যাটট্রিকও করেছেন তিনি। তাছাড়া রিয়াল ছাড়ার পর শুরুতে জুভেন্টাসে মানিয়ে নিতে সমস্যা হলেও খোলস ভেঙে ফিরেছেন তিনি চেনা ছন্দে।
যদিও ইতালিয়ান সংবাদমাধ্যম ‘তুত্তোস্পোর্ত’ দিয়েছে বোমা ফাটানো খবর। তুরিনভিত্তিক ক্রীড়া দৈনিকটির দাবি, রোনালদো নেই ব্যালন ডি’অরের সেরা তিনে। চূড়ান্ত তিনে রাফায়েল ভারান, লুকা মদরিচ ও কাইলিয়ান এমবাপের থাকার খবর দিয়েছে তারা।
অবশ্য এসব খবরে কান দিচ্ছেন না জুভেন্টাস কোচ আলেগ্রি। তার বিশ্বাস, রোনালদোই জিতবেন এবারের ব্যালন ডি’অর। শিষ্যকে সমর্থন দিয়ে ইতালিয়ান কোচ বলেছেন, ‘ব্যালন ডি’অরের মনোনয়ন নিয়ে আমি কিছু জানি না। তবে ক্রিস্তিয়ানো (রোনালদো) যা করেছে, তাতে সে এটার (ব্যালন ডি’অর) দাবিদার।’
শনিবার সিরি ‘এ’তে স্পালের বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। ঘরের মাঠের ম্যাচটিতে পাউলো দিবালার বেঞ্চের থাকার বিষয়টি নিশ্চিত করেছেন আলেগ্রি, ‘(দিবালা) বৃহস্পতিবার এসেছে, ও সকালে বিশ্রামে ছিল। তাই সম্ভবত শুরুতে বেঞ্চে থাকবে ও। আমরা সম্ভবত মানজুকিচ ও রোনালদোকে নিয়ে খেলব।’ গোল ডটকম