ইউরোপিয়ান প্রতিযোগিতাটির আগের খেলায় জুভেন্টাসের মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছে ম্যানইউ। তবে প্রিমিয়ার লিগে কঠিন সময়ের মধ্যে যাচ্ছে ‘রেড ডেভিলস’। ম্যানচেস্টার ডার্বিতে নগরপ্রতিপক্ষ সিটির বিপক্ষে হারের পর আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরে পায়নি জয়ের দেখা। ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে করেছে গোলশূন্য ড্র।
ওই ম্যাচে দলের পারফরম্যান্সে ভীষণ হতাশ মরিনহো। তাই চ্যাম্পিয়নস লিগে ইয়ং বয়েজের বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়াতে চান তিনি। সুইস প্রতিপক্ষের বিপক্ষে খেলায় নকআউট পর্ব নিশ্চিত হওয়া কিংবা ছিটকে যাওয়ার শঙ্কা নেই ম্যানইউয়ের, তবু ভীষণ গুরুত্ব দিচ্ছেন পর্তুগিজ কোচ।
তিনি বলেছেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ কোনও ম্যাচ নয়, কারণ আমরা আগামীকাল (মঙ্গলবার) হেরে গেলেও অন্য দলের ফলের ওপর নির্ভর করতে হবে না। সামনে এগিয়ে যাওয়ার পথটা তখনও নির্ভর করবে আমাদের ওপরই। তবে এই ম্যাচটাই আমাদের শেষ সুযোগ, প্রথম মিনিট থেকে এটা ভেবেই খেলতে চাই। নকআউট ম্যাচের মতো খেলতে চাই, যেখানে জিততেই হবে আমাদের।’
ঘরের মাঠে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খুব বাজে সময় যাচ্ছে ম্যানইউয়ের। মহাদেশীয় ক্লাব ফুটবলের লড়াইয়ে টানা চার ম্যাচ হেরে লজ্জার নতুন রেকর্ড গড়েছে তারা। তাই প্রশ্ন উঠেছে, ম্যানইউ কি চ্যাম্পিয়নস লিগ ঘরের বাইরে খেলতে চায়? প্রশ্নের উত্তরটা স্পষ্টই দিয়েছেন মরিনহো, ‘আমার মতে, এটা স্টেডিয়াম ও ভক্তদের প্রতি অসম্মান দেখানো হয়। আমাকে যদি জিজ্ঞেস করা হয় ঘরের মাঠ নাকি বার্নে গিয়ে খেলব, আমি অবশ্যই ঘরের মাঠ বেছে নেব।’ গোল ডটকম