প্রো লাইসেন্সের অনুমতি পেয়ে দুশ্চিন্তামুক্ত জেমি ডে

জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডেআপাতত দুশ্চিন্তা থেকে মুক্ত জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। উয়েফা প্রো লাইসেন্স করার অনুমতি পেয়েছেন তিনি। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনে (এফএ) মঞ্জুর হয়েছে তার আবেদনপত্র।

জানুয়ারি থেকে নতুন একটি নিয়ম চালু করতে যাচ্ছে ফিফা। নতুন বছরের শুরু থেকে উয়েফা প্রো লাইসেন্স পাওয়া কোচই শুধু জাতীয় দলের ডাগ আউটে থাকার অনুমতি পাবেন। এই লাইসেন্স না থাকলে খেলা চলার সময় ডাগ আউটের বাইরে থাকতে হবে তাকে।

উয়েফা ‘এ’ লাইসেন্স পাওয়া জেমি ডে সম্প্রতি নিজের দেশ ইংল্যান্ডে প্রো লাইসেন্স করার জন্য আবেদন করেছেন। বাংলাদেশ কোচের আবেদনে সাড়াও দিয়েছে এফএ। সব কিছু ঠিক থাকলে তার কোর্স শুরু হবে আগামী বছরের মে মাসে। চার ধাপে হবে এই কোর্স।

বর্তমানে ছুটিতে ইংল্যান্ডে থাকা জেমি ডে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘আমি ইংল্যান্ডে উয়েফা প্রো লাইসেন্স করবো। এফএ আমার আবেদন মঞ্জুর করেছে। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে প্রো লাইসেন্স কোচ হতে পারবো।’

বড়দিনের ছুটি শেষে জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকায় ফেরার কথা জেমি ডে’র। এরপরই অনূর্ধ্ব-২৩ আর জাতীয় দল নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। কোচিং কোর্স করলেও জাতীয় দলের অনুশীলনে কোনও সমস্যা হবে না বলেই বাংলাদেশের ইংলিশ কোচের বিশ্বাস, ‘প্রো লাইসেন্স করার সময় আশা করি জাতীয় দলের অনুশীলনে কোনও সমস্যা হবে না। কোর্স তো মাত্র পাঁচ দিনের। এছাড়া কিছু প্রোগ্রাম থাকবে। আমি আত্মবিশ্বাসী, জাতীয় দলের ব্যস্ততা আর কোচিং কোর্স দুটোই ম্যানেজ করতে পারবো।’

সমস্যা অবশ্য অন্যখানে। মার্চে প্রীতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। সেই সময় জেমি ডে ডাগ আউটে থাকতে পারবেন তো? এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের মন্তব্য, ‘জাতীয় দলের কোচ জেমি ডে’র প্রো লাইসেন্স করার কথা আমরা ফিফা-এএফসিকে জানাবো। আমাদের বিশ্বাস, তার ডাগ আউটে দাঁড়াতে সমস্যা হবে না।’