এ নিয়ে সুলশারের অধীনে টানা আট ম্যাচ জিতলো ম্যানইউ। জোসে মরিনহোকে বরখাস্ত করার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেওয়া সুলশার জিতেছেন সব ম্যাচ। এফএ কাপের চতুর্থ রাউন্ডেও ধারাবাহিকতা ধরে রাখলো তার দল।
প্রথমার্ধে আলেক্সিস সানচেসের সঙ্গে জেসি লিনগার্ডের লক্ষ্যভেদের পর পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলে আর্সেনাল খেলায় ফেরার ইঙ্গিত দিলেও দ্বিতীয়ার্ধে আন্থনি মার্সিয়াল জাল খুঁজে পেলে ৩-১ ব্যবধানে জিতে ম্যানইউ নিশ্চিত করেছে এফএ কাপের পঞ্চম রাউন্ড।
আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়াম থেকেই ম্যানইউ ফিরেছে দাপুটে জয় নিয়ে। বদলে যাওয়া রেড ডেভিলস খুব বেশি আক্রমণাত্মক না থাকলেও জয় পেতে সমস্যা হয়নি। এমিরেটস স্টেডিয়ামে ফিরে আর্সেনালের সাবেক খেলোয়াড় সানচেসের লক্ষ্যভেদে এগিয়ে যায় সফরকারীরা। ৩১ মিনিটে রোমেলু লুকাকুর ডিফেন্সচিড়া পাস বক্সের ভেতর নিয়ন্ত্রণে নিয়ে গানার গোলরক্ষক পেত্র চেখকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন চিলিয়ান উইঙ্গার।
ওই উৎসব থামতে না থামতেই মিনিট দুয়েক পর আবারও ম্যানইউয়ের গোল। এবার স্কোরশিটে নাম তোলেন লিনগার্ড। লুকাকুর পাস থেকে তিনি লক্ষ্যভেদ করলে ২-০ গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে ৪৩ মিনিটে বক্সের ভেতর থেকে অবামেয়াংয়ের গোলে আর্সেনাল ঘুরে দাঁড়ানোর ভিত পায়।
কিন্তু ৮২ মিনিটে মার্সিয়াল লক্ষ্যভেদ করলে ম্যাচ থেকে ছিটকে যায় আর্সেনাল। বিপরীতে ৩-১ গোলের জয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করে ম্যানইউ। গোল ডটকম