কোপা দেল রে সেমিফাইনালে মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ


এল ক্লাসিকোর একটি মুহূর্ততৈরি হয়ে গেল আরও দুটি এল ক্লাসিকোর মঞ্চ। কোপা দেল রে সেমিফাইনালের ড্র ভাগ্য মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদকে। ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে দুটো উত্তেজনাকর ম্যাচ।

শুক্রবার হয়েছে কোপা দে রে’র শেষ চারের ড্র। সেখানেই আকাঙ্ক্ষিত এল ক্লাসিকোর মঞ্চ হয়ে গেছে তৈরি। একটি নয়, ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন আরও দুটি বার্সা-রিয়ালের দ্বৈরথ। ৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পের প্রথম লেগে মুখোমুখি হওয়ার পর সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগ হবে ২৭ ফেব্রুয়ারি।

চলতি মৌসুমে লা লিগায় মুখোমুখি হয়েছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। ন্যু ক্যাম্পের ওই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মাদ্রিদের ক্লাবকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। সেই হারের প্রতিশোধের মঞ্চ ঠিক হয়েছিল ২ মার্চ লা লিগার ফিরতি ম্যাচে। তবে তার আগেই চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি আরও দুইবার মুখোমুখি হবে।

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের দখলেই কোপা দেল রে। সবশেষ ১০ আসরের আটবারই জিতেছে এই দল দুটি। বার্সেলোনা এবার নেমেছে টানা পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে। যে লক্ষ্যের পথে সেভিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ২-০ গোলে হেরে বিদায় নেওয়ার শঙ্কা জন্মালেও দ্বিতীয় লেগে ৬-১ গোলের বিশাল জয়ে নিশ্চিত করে শেষ চার।

অন্যদিকে সহজেই সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল। জিরোনার বিপক্ষে প্রথম লেগ ৪-২ গোলে জেতার পর দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতে ৭-৩ অগ্রগামিতায় উঠেছে শেষ চারে। যেখানে তারা মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার।

অন্য সেমিফাইনালে লড়বে রিয়াল বেতিস ও ভ্যালেন্সিয়া। তবে কোপা দেল রে’র ফাইনাল কিংবা শিরোপার লড়াই সব জমা থাকবে সেমিফাইনালের এল ক্লাসিকোতেই। গোল ডটকম