জয়ে ফিরেছে মোহামেডান-শেখ রাসেল

মোহামেডানের গোল উদযাপনবাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে মোহামেডান ও শেখ রাসেল ক্রীড়া চক্র। তিন ম্যাচ পর জয়ের দেখা পেলো মোহামেডান, আর শেখ রাসেল জিতেছে দুই ম্যাচ হারের পর। শনিবার আরেক ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও রহমতগঞ্জ এমএফএস গোলশূন্য ড্র করেছে।

সাইফ স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনীর কাছে হেরেছিল শেখ রাসেল। শেষ পর্যন্ত তারা জয়ের দেখা পেলো। সিলেট জেলা স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে তারা। ২৩ মিনিটে বিপলু আহমেদের গোলে এগিয়ে যায় শেখ রাসেল। দুই মিনিট পরই পেনাল্টি থেকে সলোমন কিং গোল শোধ দেন। প্রথমার্ধ শেষ হওয়ার ৫ মিনিট আগে মোহাম্মদ খালেকুর জামান আবার এগিয়ে দেন শেখ রাসেলকে। এই গোলই গড়ে দেয় ম্যাচের পার্থক্য।

১৮ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে গেলো শেখ রাসেল। তাদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে থেকে দুইয়ে ঢাকা আবাহনী। এক ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে সবার উপরে বসুন্ধরা কিংস।

দুই ড্র ও এক হারের পর এই মৌসুমে চতুর্থ জয় পেলো মোহামেডান। ৬ মিনিটের ব্যবধানে জোড়া গোলে তারা ২-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৬৬ মিনিটে পেনাল্টি থেকে উরিউ নাগাতা লক্ষ্যভেদ করেন। সোলেমান দায়াবেত ৭২ মিনিটে করেন দ্বিতীয় গোল।

১৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে মোহামেডান। ১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ চট্টগ্রাম আবাহনী। ১৮ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে মুক্তিযোদ্ধা। ১১ নম্বরে থাকা রহমতগঞ্জ এক ম্যাচ বেশি খেলে অর্জন করেছে ১৬ পয়েন্ট।