২০১৮ সালে চেলসির হয়ে ন্যু ক্যাম্পে এসে তৃতীয় মিনিটে গোল হজম করেছিলেন আন্তোনিও কন্তে। কিন্তু এবার তার দল ইন্টার লিড নেয় ২ মিনিটে। লুতারো মার্তিনেসের গোলে এগিয়ে যায় ইতালিয়ান জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ৫৮ মিনিটে লুই সুয়ারেস চমৎকার ভলিতে সমতা ফেরান। খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে লিওনেল মেসির অ্যাসিস্টে ম্যাচ জেতানো গোল করেন উরুগুয়ান স্ট্রাইকার। তাতে এই মৌসুমে প্রথম হারের স্বাদ পায় কন্তের ইন্টার।
এই জয়ে ‘এফ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। স্লাভিয়া প্রাগকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড। এক পয়েন্ট ইন্টারের।
সলসবুর্গকে ৩ গোলে পেছনে ফেললেও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল লিভারপুল। অস্ট্রিয়ান প্রতিপক্ষের প্রত্যাবর্তন চমকে দিয়েছিল চ্যাম্পিয়নদের। কিন্তু তিন পয়েন্ট আদায় করতে সফল হয়েছে প্রিমিয়ার লিগের শীর্ষ দল। অ্যানফিল্ড স্টেডিয়ামে জোড়া গোল করা মোহাম্মদ সালাহর ৬৯ মিনিটের জয়সূচক লক্ষ্যভেদ গড়ে দেয় ম্যাচের পার্থক্য।
৯ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপর ২৫ মিনিটে অ্যান্ডি রবার্টসন ও ৩৬ মিনিটে সালাহ গোল করে সহজ জয়ের ইঙ্গিত দেয় স্বাগতিকরা। তৃতীয় গোল খাওয়ার তিন মিনিট পর সলসবুর্গ একটি গোল শোধ দেয়। হাওয়াং হি চ্যানের গোলে ৩-১ এ প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয় ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের দুই নম্বরে লিভারপুল। শীর্ষ দল নাপোলির (৪) চেয়ে এক পয়েন্ট পিছিয়ে তারা। এদিন আগের ম্যাচে নাপোলি জেঙ্কের মাঠে গোলশূন্য ড্র করে।
উইলিয়ানের চমৎকার স্ট্রাইকে চেলসি ২-১ গোলে স্বস্তির জয় পেয়েছে লিঁলের মাঠে। খেলা শেষ হওয়ার ১২ মিনিট আগে চেলসির জার্সিতে নিজের ৩০০তম ম্যাচে দুর্দান্ত ভলিতে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর আগে ট্যামি আব্রাহামের গোলে এগিয়ে যায় চেলসি। তবে প্রথমার্ধেই লিঁলকে সমতা ফেরান ভিক্তর ওসিমহেন।
‘এইচ’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে চেলসি তৃতীয় স্থানে। সমান পয়েন্টে তাদের ওপরে ভ্যালেন্সিয়া, আর ৬ পয়েন্টে শীর্ষে আয়াক্স আমস্টারডাম। এদিন ডাচ দলটি ৩-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে।
হাস্যকর ডিফেন্ডিংয়ের খেসারত দিয়ে লিওঁর কাছে ২-০ গোলে হেরেছে আরবি লিপজিগ। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের দ্বিতীয় স্থানে লিওঁ। আর ৩-১ গোলে বেনফিকার বিপক্ষে জিতে সমান পয়েন্ট সবার ওপরে জেনিত সেন্ট পিটার্সবার্গ।