অনেকেই বলছেন, রিয়াল স্পেনের প্রভাবশালী একটি ক্লাব। ওসাসুনাকে সহজেই নিষিদ্ধ করা হলেও রিয়ালকে নিষিদ্ধ করার আগে দ্বিতীয়বার ভাবতে হবে ফুটবল ফেডারেশনকে। তবে মাত্র দু মাস আগে একই অভিযোগে ওসাসুনাকে নিষিদ্ধ করা হয়েছে। অথচ রিয়াল বেঁচে গেলে তা মাদ্রিদের প্রতি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষপাতিত্ব প্রমাণ করবে।
তবে এমনিতেই এ শাস্তি দেবে না কর্তৃপক্ষ। কাদিজ যদি ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ করে তবেই ব্যবস্থা নেওয়া হবে। কাদিজের সভাপতি মানুয়েল ভিসকানি ইতিমধ্যে জানিয়েছেন তারা অভিযোগ করবেন। খেলার পর তিনি বলেন, মাদ্রিদের জন্য শ্রদ্ধা আছে আমাদের। কিন্তু সমর্থকদের জন্য সঠিক মনে হচ্ছে বলে আমরা এই মাদ্রিদের বিরুদ্ধে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছি। কাদিজ যে রিয়ালকে ছেড়ে দেবে না সে ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, এমন অনুপযুক্ত লাইনআপের জন্য আমরা রিপোর্ট জমা দেবো। এই ঘটনাটি আমাদের আহত করেছে।
আত্মপক্ষ সমর্থন করে রিয়াল কোচ রাফায়েল বেনিতেজ বলেন, আমরা প্রথমার্ধে এটা টের পাই এবং ঠিক কাজটি করতে চেয়েছিলাম বলেই তাকে তুলে নেই। ক্লাব এর আগে কিছু জানত না। ফেডারেশন বা ভিয়ারিয়াল আমাদের কিছু বলেনি।
নিষিদ্ধের শঙ্কায় রিয়াল শিবিরেও। মাদ্রিদের পরিচালক এমিলিও বুত্রাগুয়েনো বলেন, এখন কী হয় বলা যাচ্ছে না। তবে বিষয়টি সম্পর্কে আমরা কেউ অবগত ছিলাম না। ফুটবল ফেডারেশন বা ভিয়ারিয়াল কেউই আমাদের কিছু জানায়নি।
গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে খেলেছেন চেরিশেভ। সেই ক্লাবে খেলার সময় তিনটি হলুদ কার্ড দেখেন তিনি। কিন্তু এখনও শাস্তি ভোগ করা হয়নি তার। সেই হিসেবে গেল রাতের ম্যাচে খেলার সুযোগ ছিল না তার। তারপরও তাকে মাঠে নামান বেনিতেজ। সূত্র গোল ডটকম ও মার্কা।
/এমআর/