কোপা আমেরিকার ইতিহাসে এই প্রথম প্রতিযোগিতাটি হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। কিন্তু কলম্বিয়াতে রাজনৈতিক অস্থিরতা ও আর্জেন্টিনায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় শেষ মুহূর্তে ভেন্যু সরে গেছে ব্রাজিলে। সেখানে খেলার সূচিও তৈরি হয়ে গেছে। আগামী ১৩ জুন উদ্বোধনী ম্যাচে ‘বি’ গ্রুপ থেকে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল ও ভেনেজুয়েলা। ম্যাচটি ব্রাসিলিয়াতে হবে। পরের দিন ‘এ’ গ্রুপে লিওনেল মেসির আর্জেন্টিনা লড়বে চিলির বিপক্ষে।
এবারের প্রতিযোগিতার ফাইনাল হবে মারাকানা স্টেডিয়ামে। ব্রাজিলের গ্রুপে রয়েছে ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু। আর আর্জেন্টিনার গ্রুপে জায়গা হয়েছে চিলি, বলিভিয়া, প্যারাগুয়ে ও উরুগুয়ের।
গ্রুপ পর্ব শেষে আগামী ৫ জুলাই সান্তোসের স্টেডিয়ামে হবে প্রথম সেমিফাইনাল। পরের দিন গারিঞ্চায় হবে দ্বিতীয় সেমি। আর পূর্বনির্ধারিত ১০ জুলাই হবে শিরোপা নির্ধারনী ফাইনাল।