কোপা আমেরিকায় আজ ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ইকুয়েডর। গুরুত্বপূ্র্ণ ম্যাচটি ইকুয়েডর জিততে পারলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। কিন্তু ম্যাচের আগে দুঃসংবাদ শুনেছে তারা। করোনা পজিটিভ হয়েছেন ইকুয়েডরের মিডফিল্ডার দামিয়ান দিয়াজ।
ব্রাজিল-ইকুয়েডর ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার দিবাগত রাত ৩টায়। ম্যাচটি সরাসরি দেখাবে সনি সিক্স।
দিয়াজের বর্তমান অবস্থা সম্পর্কে ইকুয়েডরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ওর অবস্থা খারাপ নয়। তবে সে বর্তমানে আইসোলেটেড আছে।’ দলটি আরও জানিয়েছে, করোনা আক্রান্ত শুধু একজনই।
এদিকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ব্রাজিল দলেও চোট হানা দিয়েছে। ডান লিগামেন্টে চোট পেয়েছেন ফিলিপে মন্তেইরো। তার বদলে দলে যুক্ত হয়েছেন এখনও অভিষেক না হওয়া ডিফেন্ডার লিও অর্তিজ। মূলত সাম্প্রতিক পারফরম্যান্সে খুশি হয়েই তাকে দলে নিতে সম্মত হয়েছেন তিতে।
‘বি’ গ্রুপের শীর্ষ দল ব্রাজিল এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ হওয়ায় আজ অভিজ্ঞ একাদশ না নামানোর পথে হাঁটতে পারেন ব্রাজিল কোচ।