লকডাউনে খেলা বন্ধ না চলবে?

করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে। প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে আগামী বুধবার (৭ জুলাই) মধ্যরাত পর্যন্ত সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনকালে জনসাধারণের চলাচলের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কী হবে?

লকডাউন হলেও ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা প্রিমিয়ার ফুটবল লিগ চলবে। ছেলেদের লিগ চললেও বন্ধ থাকবে মেয়েদের খেলা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

আপাতত প্রিমিয়ার লিগের ফিরতি পর্বের একটি করে ম্যাচ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ৩ জুলাই পর্যন্ত চলবে। এরপর নতুন করে সূচি হবে। লকডাউনের পাশাপাশি বর্ষা মৌসুমের বিষয়টি সামনে রেখে খেলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা সরকারের সঙ্গে আলোচনা আগেই করেছি। আজ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা সাপেক্ষেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যথেষ্ট স্বাস্থ্যবিধি ও আইনকানুন মেনেই ম্যাচ পরিচালনা করা হবে।’

পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে দুই দিন খেলা হবে। ১ ও ২ জুলাই কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। এরপর নতুন সূচি করা হবে।

মেয়েদের খেলা অবশ্য বন্ধ থাকবে ৭ জুলাই পর্যন্ত। এছাড়া তৃতীয় বিভাগের খেলাও বন্ধও থাকবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে নতুন সূচি করবে বাফুফে।