আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ কখন, দেখবেন কোথায়

একটু একটু করে স্বপ্ন বড় হচ্ছে। কোপা আমেরিকায় নামার আগে আর্জেন্টিনা জানিয়েছিল, শিরোপা জেতার ভালো সুযোগ আছে তাদের। যদিও পরিষ্কার করে কিছু বলেনি। তবে এখন ব্রাজিল থেকে ট্রফি নিয়েই ফেরার আশা আলবিসেলেস্তেদের। সেই লক্ষ্য পূরণে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এবার কোয়ার্টার ফাইনাল মঞ্চে আর্জেন্টিনা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসিদের প্রতিপক্ষ ইকুয়েডর।

কোপা আমেরিকার শেষ আটের লড়াইয়ে বাংলাদেশ সময় রবিবার সকাল ৭টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ইকুয়েডর। লাতিন আমেরিকার সময়ের পার্থক্যের কারণে প্রিয় দলের খেলা দেখায় বেশ ভুগতে হয়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। তবে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের লড়াই সুবিধামতো সময়েই হচ্ছে। এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকোয় সকাল ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি টেন ২ চ্যানেলে।

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছিল আর্জেন্টিনা। চিলির বিপক্ষে ওই ম্যাচের পর থেকে উড়ছে আলবিসেলেস্তেরা। টানা তিন জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। সেখানে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপে চতুর্থ হওয়া ইকুয়েডর। এবারের প্রতিযোগিতায় পারফরম্যান্সের বিচারে ইকুয়েডর খানিকটা পিছিয়ে থাকলেও প্রয়োজনের সময় কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেটির প্রমাণ তারা আগের ম্যাচে দিয়েছে ব্রাজিলের জয়রথ থামিয়ে।

তাই আর্জেন্টিনার পূর্ণ সমীহ পাচ্ছে ইকুয়েডর। ব্রাজিলের ম্যাচের পারফরম্যান্স তারা ধরে রাখতে পারলে কোয়ার্টার ফাইনালের লড়াই কঠিন হয়ে উঠতে পারে আর্জেন্টিনার জন্য। যদিও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বলিভিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের সামর্থ্যের প্রমাণ আরেকবার দিয়েছে। ৪-১ গোলে জেতার পথে মেসি করেছেন জোড়া গোল। বলার অপেক্ষা রাখে না সেমিফাইনালে ওঠার লড়াইয়েও তার দিকেই তাকিয়ে থাকবে আর্জেন্টিনা ও সমর্থকেরা।