কোপা আমেরিকায় পুরোপুরি বিস্ফোরক ফর্মে আছেন লিওনেল মেসি। নিজে যেমন গোল করছেন, সতীর্থদের দিয়েও করাচ্ছেন সমান তালে। বলতে গেলে মেসি ম্যাজিক থেমে থাকছে না কোনও ম্যাচেই। সর্বশেষ রবিবার তো এমনই এক গোল করেছেন, যেটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে খুব।
কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে হারানো ম্যাচটার শেষ গোলটিই আসে মেসির পা থেকে। তার আগে অবশ্য দুটি গোল বানিয়ে দিয়েছেন।
তবে শেষ গোলে ডি মারিয়ার অবদানও কম নয়। বল নিয়ে প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়েছিলেন তিনি। তাকে ফাউল করে ফেলে দেন ইকুয়েডর খেলোয়াড় হিনচাপি। ভার রিভিউ দেখেই পরে বক্সের প্রায় বাইরে থেকে ফ্রি কিকের সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। সাথে সাথেই কিক নিয়ে বাঁকানো শটে জাল কাঁপিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। দর্শনীয় শটটি পোস্টের একদম কোণ ঘেঁষে ঢুকে যায় জালে।
অসাধারণ এই গোলের পর অবশ্য পেলের আরও কাছে চলে এসেছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। লাতিন আমেরিকান ফুটবলারদের সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে আছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। তিনবারের বিশ্বকাপ জয়ী ৯২ ম্যাচে করেছেন ৭৭ গোল। দ্বিতীয় স্থানে থাকা মেসির গোল এখন ৭৬! ফলে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেলের পাশে বসতে আর্জেন্টাইন অধিনায়কের প্রয়োজন আর একটি গোল।