ভিআইপি বক্স থেকে দলের জয় দেখলেন জামাল ভূঁইয়া

চোটের কারণে প্রিমিয়ার ফুটবল লিগে উত্তর বারিধারার বিপক্ষে নামতে পারেননি সাইফ স্পোর্টিং অধিনায়ক জামাল ভূঁইয়া। তাতে কী? জামালকে ছাড়াই সহজে জিতেছে তার দল। সেই জয়টা আবার জাতীয় দলের কোচ জেমি ডের সঙ্গে ভিআইপি বক্সে বসেই দেখেছেন তিনি। নাইজেরিয়ান স্ট্রাইকার জন ওকোলির জোড়া গোলে সাইফ ৩-১ গোলে হারিয়েছে বারিধারাকে।

২১ ম্যাচে ১২ জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সাইফ স্পোর্টিং। এক ম্যাচ বেশি খেলে ১১তম হারে আগের ২১ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে আছে বারিধারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দু’দলের মধ্যে উপভোগ্য ম্যাচই হয়েছে। চার গোল ছাড়াও একাধিক সুযোগ ক্রস বারে লেগে প্রতিহত হওয়ায় স্কোরলাইন আরও বড় হতে পারেনি। যেমনটি হয়েছে ম্যাচ ঘড়ির ৫ মিনিটেই। বারিধারার মারুফ আহমেদের ক্রস ক্রসবারের কোনায় লেগে প্রতিহত হলে বারিধারা এগিয়ে যেতে পারেনি। একইভাবে ১৯ মিনিটে সাইফের মারাজ হোসেনের ক্রস বারে লেগে প্রতিহত হয়েছে।

তবে সাইফ এগিয়ে যেতে পেরেছে ২৮ মিনিটে। জন ওকোলি একজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে গোলকিপার মিতুল মার্মার ওপর দিয়ে জালে জড়িয়ে দেন।

এর পর দ্বিতীয়ার্ধে গোল হয়েছে আরও তিনটি। ৬৬ মিনিটে কেনেথ ইকেচুকু লিগে ১০ম গোলের দেখা পান। ফয়সাল আহমেদ ফাহিমের ডানপ্রান্তের ক্রসে ইকেচুকু বলের গতি পরিবর্তন করে জালে জড়িয়ে দিয়েছেন। সাইফ এগিয়ে যায় ২-০ গোলে। এর পর ৭০ মিনিটে সাইদোস্তন ফজিলভের শট ক্রস বারে লেগে ফিরে আসলে বারিধারাকে আবারও হতাশ হতে হয়েছে। ৭৫ মিনিটে যদিও বারিধারা এক গোল শোধ দিতে পেরেছে অবশেষে। সুমন রেজার অ্যাসিস্টে মারুফ আহমেদ বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন।

৮৬ মিনিটে সাইফের আরও একটি প্রচেষ্টা ক্রস বারে প্রতিহত হলেও যোগ করা সময়ে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস থেকে সাইফের তৃতীয় গোলটি করেন জন ওকোলি। তাতেই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বারিধারা।

দিনের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ ১-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। মোহাম্মদ জুয়েল শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করেন।