সেশেলসকে হারিয়ে এগিয়ে যেতে চাইছে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে জিততে পারলে ফাইনাল নিশ্চিত ছিল বাংলাদেশের। শেষ মুহূর্তে গোল হজমে ড্র করায় স্বপ্ন আর বাস্তবে রূপ পায়নি। সাফ শেষে এবার আরও একটি প্রতিযোগিতায় খেলতে নামছে জামাল ভূঁইয়ারা। যার নাম শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দ্রা রাজাপাকসে চারজাতি প্রতিযোগিতা।

সেই লক্ষ্যে আজ সোমবার প্রথম ম্যাচে তাদের বাধা পূর্ব আফ্রিকার ছোট্ট দেশ সেশেলস। তাদের বিপক্ষে জয় দিয়েই মিশন শুরু করতে চাইছে জামাল ভূঁইয়ারা। ম্যাচটি শুরু হবে কলম্বোর রেসকোর্স মাঠে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।

অথচ এই ম্যাচ হওয়ার কথা ছিল দুদিন আগে। বার বার বৃষ্টির হানায় ম্যাচ পেছাতে হয়েছে। তবে মন্দের ভালো এই যে দুই দিন বেশি অনুশীলনের সময় পেয়েছে তারা।

আফ্রিকার দলটির বিপক্ষে আগে কোনও সময় মুখোমুখি হয়নি বাংলাদেশ। তবে একই প্রতিযোগিতায় খেলার সুযোগ হয়েছিল। ২০২০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলেছে সেশেলস। সেমিফাইনালের গণ্ডি পেরোতে পারেনি যদিও। সেখান থেকেই আফ্রিকার দলটির খেলার ধরণ সম্পর্কে জানার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট।

মাঠের লড়াইয়ের আগে ফিফা র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশ এগিয়ে। জামাল ভূূঁইয়ারা ১৮৭তম স্থানে, সেশেলস ১৯৯ তম। এছাড়া দুই দলের ফুটবল ঐতিহ্যেও এগিয়ে লাল-সবুজ দল। জামাল-তপুরা পেশাদারিত্বের মোড়কে ফুটবল খেললেও প্রতিপক্ষের অনেকেই জীবিকার তাগিদে অন্য কাজ করে থাকেন। ফুটবল তাদের কাছে অনেকটাই সৌখিনতার প্রতীক!

সবচেয়ে বড় বিষয় হলো করোনা পরিস্থিতিতে বাংলাদেশের খেলোয়াড়দের বেশি দিন খেলার বাইরে থাকতে হয়নি। মাত্রই সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছে। এর আগে নেপাল ও কিরগিজস্তানে আন্তর্জাতিক ফুটবলও খেলেছে। সেই জায়গায় সেশেলস করোনা পরবর্তী সময়ে মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। তাতে আবার বড় ব্যবধানে হারও সঙ্গী ছিল। শ্রীলঙ্কার প্রতিযাগিতায় অবশ্য এক মাসের প্রস্তুতি তারা নিতে পেরেছে।

বাংলাদেশের দলের ক্ষেত্রে ভাবনার বিষয় হলো কোচ মারিও লেমস প্রথমবার দলের দায়িত্ব সামলাচ্ছেন। নতুন দায়িত্বে পর্তুগিজ কোচ রোমাঞ্চিত হলেও পুরো দলকে হাতে পেয়েছেন মাত্র দুই দিন!

এছাড়া প্রথমবার চূড়ান্ত দলে জায়গা হয়েছে দুই ফরোয়ার্ড কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাব ও ফয়সাল আহমেদ ফাহিমের। মতিন মিয়া, সোহেল রানাদের অভাব নতুনরা পূরণ করতে পারবেন- কোচের এমনটি প্রত্যাশা, ‘এখানে সবারই প্রায় জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। আন্তর্জাতিক ম্যাচে কীভাবে মেলে ধরতে হয় তা সবাই জানে। নতুন যারা দলে জায়গা পেয়েছেন, তাদের নিয়েও আমি আশাবাদী। আশা করছি, আমরা এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারবো। দেশবাসীর স্বপ্ন পূরণ হবে, প্রথম ম্যাচে জিতেই এগিয়ে যাবো।’