চলতি মৌসুমের সেরা পারফরম্যান্স করলো অ্যাটলেটিকো মাদ্রিদ। তাতে সেভিয়া ভাসলো গোলবন্যায়। শনিবার ঘরের মাঠে ৬-১ গোলে ১০ জনের প্রতিপক্ষকে হারিয়েছে মাদ্রিদ ক্লাব।
কোচ ডিয়েগো সিমিওনের এটি ছিল ৬১৩তম ম্যাচ। অ্যাটলেটিকোর কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে ইতিহাস গড়লেন এই আর্জেন্টাইন। পেছনে ফেলেছেন লুইস আরাগোনেসকে।
ইতিহাস গড়ার ম্যাচে শিষ্যদের গোলউৎসবে আপ্লুত সিমিওনে, ‘আবেগ বুঝানো কঠিন, ভেতরে কী অনুভূতি হচ্ছে সেটা আপনি ভাষায় রূপান্তর করতে পারবেন না। আমরা দুজনই (তিনি ও আরাগোনেস) একই পথে... মাঝেমধ্যে আমরা ভুল করি কিন্তু আমি শান্ত থাকি, আমি যেখানে থাকতে চাই সেখানেই আছি, সেটাই করছি যেটা ভালোবাসি।’
রিয়াল সোসিয়েদাদ কাদিজের বিপক্ষে শুক্রবার গোলশূন্য ড্র করায় তিনে ওঠার সুযোগ হাতছাড়া করেনি অ্যাটলেটিকো। ৪৫ পয়েন্ট নিয়ে সোসিয়েদাদকে টপকে গেছে তারা। ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল, ৫৯ পয়েন্টে শীর্ষে বার্সা।
সেভিয়া পাঁচজনের রক্ষণ সাজায়। তারপরও অ্যাটলেটিকোর আক্রমণ সামাল দিতে পারেনি। গত জানুয়ারিতে বার্সা থেকে যোগ দেওয়া মেম্ফিস ডিপে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়ে দুর্দান্ত। ২৩ ও ২৬ মিনিটে করেন দুই গোল। আন্তোয়ান গ্রিয়েজম্যানের যোগসাজশে করেন গোল দুটি।
ম্যাচের পুরো নিয়ন্ত্রণ যখন অ্যাটলেটিকোর মুঠোয়, তখন ৩৯তম মিনিটে ইউসুফ এন নেসিরি সেভিয়ার হয়ে একটি গোল শোধ দেন।
মাদ্রিদ ক্লাব সতর্ক থেকে ফের ব্যবধান বাড়ায়। গ্রিয়েজম্যান করেন তৃতীয় গোল। ৬৯তম মিনিটে ইয়ানিক কারাসকো চতুর্থবার জাল কাঁপান। ইভান রাকিটিচ পেনাল্টি মিস করেন পোস্টে বল লাগিয়ে। বদলি নামা আলভারো মোরাতা ৭৬ ও ৯২তম মিনিটে সেভিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন। মাঝে ৮১তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে পাপে আলাসানে গুয়েই মাঠ ছাড়লে ১০ জন নিয়ে খেলে সেভিয়া।