পিএসজির হারের আগে দুয়োও শুনতে হলো মেসির (ভিডিও)!

যে আশায় লিওনেল মেসিকে প্যারিসে সেন্ত জার্মেইতে (পিএসজি) নিয়ে আসা। সেটি আজও সাফল্যের মুখ দেখেনি। বরং তার দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ থেকে শেষ ষোলোতে বিদায় নিতে হয়েছে। এই গ্রীষ্মেই তার চুক্তির মেয়াদ যখন শেষ হওয়ার কাছাকাছি। তার আগে নতুন গুঞ্জন; আবার বার্সেলোনাতেই ফিরছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সম্প্রতি বার্সা কর্তৃপক্ষের স্বীকারোক্তিতে সেটি এখন আর গুঞ্জনের পর্যায়ে নেই। এই অবস্থায় পিএসজির ম্যাচে দুয়ো শুনতে হয়েছে মেসির।

লিগে পিএসজির অবস্থাটা মোটেও স্বস্তিদায়ক নয়। লিগ ওয়ানে গতকাল মৌসুমের সপ্তম পরাজয় দেখেছে। তাতে শিরোপার পথে আরও একটি ধাক্কা খেয়েছে ফরাসি জায়ান্টরা। লিগ ওয়ানে লিওঁর কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় জমে উঠেছে শিরোপা লড়াইও।

অবশ্য এই ম্যাচ ছাপিয়েও যা আলোচনায় সেটি হলো মেসির দুয়ো শোনা। ম্যাচের আগে শুরুর একাদশে সাতবারের ব্যালন ডি’অর জয়ীর নাম প্রকাশ পেতেই শিস বাজাতে থাকেন একদল সমর্থক। গত কয়েকদিন ধরে এই গোষ্ঠীটাই মেসির নাম ধরে দুয়ো দিয়ে আসছে।

তার পরও ম্যাচটা গড়িয়েছে নির্বিঘ্নে। নির্ধারিত সময়ের চেয়ে ১০ মিনিট দেরিতে শুরু হয়েছে এই ম্যাচ। পরিবহন সংক্রান্ত জটিলতার মুখোমুখি হয়েছিল লরেন্ত ব্লাঙ্কের দল। তার প্রভাব অবশ্য পড়তে দেয়নি তারা। বরং আত্মবিশ্বাসী ভঙ্গিতে ম্যাচ শুরু করেছে। প্রথমার্ধে সুবর্ণ সুযোগও হাতছাড়া করে লিওঁ। বিপজ্জনক অঞ্চলে ল্যাকাজেত্তেকে ফাউল করে বসেন দোন্নারুম্মা। পেনাল্টি পেয়েও লিওঁ তা গোলে রূপান্তরিত করতে পারেনি। বরং ল্যাকাজেত্তের নেওয়া শট ইতালিয়ান গোলকিপারের ডান হাতের পোস্টে আঘাত করেছে।

তার পর ৫৬ মিনিটে লিওঁ শিবিরে আনন্দের উপলক্ষ এনে দেন বার্কোলা। তার জয় সূচক গোলটিই পরে ব্যবধান গড়ে দিয়েছে। 

পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে তার সেরা সুযোগটি পেয়েছেন যোগ হওয়া সময়ে। কিন্তু সেটি রক্ষা করেছেন লিওঁ গোলরক্ষক। 

দুইয়ে থাকা লঁসের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে পিএসজি। ২৯ ম্যাচে তাদের সংগ্রহ ৬৬ পয়েন্ট। লঁসে ৬০। সমান পয়েন্ট নিয়ে তিনে অবস্থান মার্শেইর।