বেনজেমা ‘সেরা অবস্থায়’ ফিরেছে: আনচেলত্তি

যে ফর্মের কারণে ২০২২ সালের ব্যালন ডি’অর জিতেছিলেন করিম বেনজেমা, পেশির ইনুজরির কারণে সেটা ধরে রাখতে পারেননি। এই মৌসুমের শুরুতে তাই হয়েছেন সমালোচিত। কিন্তু বিশ্বকাপ বিরতির পর থেকে অদম্য ফরাসি স্ট্রাইকার। তিনি সেরা অবস্থানে ফিরেছেন বললেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।

তিন দিন আগে ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগায় করেন হ্যাটট্রিক। বুধবার বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগেও জাল কাঁপালেন তিনবার। বেনজেমার এই অবিশ্বাস্য ফর্মে ভর করে ঘুরে দাঁড়ায় রিয়াল। প্রথম লেগে হেরেছিল ১-০ গোলে।

বিশ্বকাপে ফ্রান্সের জার্সিতে খেলা হয়নি। ইনজুরি থেকে অনেকটা সেরে উঠলেও তাকে নেননি দিদিয়ের দেশম। ক্ষোভ উগরে দিয়ে বিশ্বকাপ শেষ হওয়ার পর আন্তর্জাতিক অবসর নেন বেনজেমা। বিশ্বকাপ বিরতির পর মাঠে ফিরে চেনালেন নিজের জাত, সব প্রতিযোগিতায় করেছেন ১৯ গোল!

আনচেলত্তি বুধবারের সংবাদ সম্মেলনে বললেন, ‘আন্তর্জাতিক বিরতিতে যে কাজ করেছিল (বেনজেমা) সেটা অনেক সাহায্য করেছে। সে আবারও তার সেরা অবস্থা ফিরে পেয়েছে। তার যে সামর্থ্য, শারীরিক অবস্থা, সেটা পার্থক্য গড়ে দেয়।’

৩৫ বছর বয়সী তারকা ব্যালন ডি’অর ধরে রাখতে পারবেন কি না প্রশ্নে ইতালিয়ান কোচ বলেন, ‘কেন নয়? বিশ্বে ঠিক এই মুহূর্তে সে এখনও নিঃসন্দেহে অন্যতম সেরা খেলোয়াড়, ফরোয়ার্ড শুধু না, খেলোয়াড়। যখন সে সুস্থ থাকে, পার্থক্য তৈরি করে দেয়।’