অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফিরে হার দিয়ে শুরু করলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। শনিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে ১-০ গোলে হেরে গেছে তার দল এবং এখনও প্রিমিয়ার লিগ টেবিলের প্রথম অর্ধের বাইরে ব্লুরা।
ম্যাথিউস নুনেস ৩১তম মিনিটে একমাত্র গোল করেন। বক্সের ডানপ্রান্ত থেকে ভলিতে জাল কাঁপান পর্তুগাল মিডফিল্ডার। কেপা আরিজাবালাগার হাতের নাগালের মধ্যে ছিল না বল।
এই জয়ে অবনমন অঞ্চলের উত্তাপ থেকে কিছুটা বেঁচে গেলো উলভারহ্যাম্পটন। ৩০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১৭ থেকে ১২ নম্বরে তারা। সমান খেলে ৩৯ পয়েন্ট নিয়ে ঠিক তাদের উপরে চেলসি।
বাজে ফলের মাশুল দিয়ে গ্রাহাম পটার বরখাস্তের পর গত বৃহস্পতিবার চেলসি লিজেন্ড ল্যাম্পার্ডের ফেরা চূড়ান্ত হয়। ক্লাবের রেকর্ড গোলদাতা ২০২১ সালের জানুয়ারিতে বরখাস্ত হন। তার প্রথম ম্যাচে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সফরকারী দর্শকরা। কিন্তু তার দল টানা তৃতীয় ম্যাচে জাল খুঁজে পেলো না।
চেলসি প্রথমার্ধে মাত্র একটি শট রেখেছিল টার্গেটে। বিরতির পর ফিরে পাস আর বল দখলেই সময় কেটেছে। শেষ ৪৫ মিনিটে লক্ষ্যে কোনও শটই ছিল না। তাদের দুর্দশা স্পষ্ট হবে একটি পরিসংখ্যানে, তাদের গোলের (২৯) চেয়েও ম্যাচের (৩০) সংখ্যা বেশি। শেষ ২১ ম্যাচে মাত্র চারটি জয়।
সবশেষ হারের পর চেলসির কঠিন পরীক্ষা আগামী বুধবার। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তারা খেলবে রিয়াল মাদ্রিদের মাঠে।