লিভারপুলের ডিফেন্ডারকে গুঁতো মেরে বিপাকে সহকারী রেফারি

হাফটাইমে লিভারপুলের লেফট ব্যাক অ্যান্ডি রবার্টসনকে কনুই দিয়ে গুঁতো মারার অভিযোগ পাওয়া গেছে সহকারী রেফারির বিরুদ্ধে। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও আর্সেনাল ম্যাচে এই কাণ্ড ঘটিয়ে বিপাকে পড়েছেন ম্যাচ অফিসিয়াল কনস্টান্টাইন হাজিডাকিস।

রেফারিদের সংগঠন দ্য প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালস লিমিটেড (পিজিএমওএল) ও ফুটবল অ্যাসোসিয়েশন এই ঘটনার তদন্তে নেমেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভবিষ্যতের কোনও ম্যাচে নিযুক্ত করা হবে না কনস্টান্টাইনকে। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া টেলিভিশন ফুটেজে দেখা যায়, রোববার প্রথমার্ধের খেলা শেষে রবার্টসন ক্ষুব্ধ হয়ে কনস্টান্টাইনের দিকে এগিয়ে যান। সহকারী রেফারির হাত ধরতে গেলে তার চোয়ালের নিচে কনুইয়ের গুঁতো দেন তিনি।

পরে রেফারি পল টিয়ারনি রবার্টসনকে হলুদ কার্ড দেন। হাফ টাইমে এই ঘটনায় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। দ্বিতীয়ার্ধেও কনস্টান্টাইন লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন। ম্যাচটি নাটকীয়ভাবে ২-২ গোলের ড্রয়ে শেষ হয়।

পিজিএমওএল ও এফএ সোমবার এক বিবৃতিতে জানায়, এই ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা কনস্টান্টাইনকে কোনও ম্যাচে নিযুক্ত করবে না।

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ খেলা শেষে বলেন, ওই ঘটনা নিজ চোখে দেখেননি। তবে শুনেছেন ‘কিছু একটা ঘটেছে’।