র‌্যাশফোর্ডকে নিয়ে দুঃসংবাদ পেলো ম্যানইউ

গত শনিবার এভারটনের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে কুচকিতে চোট পান মার্কাস র‌্যাশফোর্ড। বৃহস্পতিবার সেভিয়ার বিপক্ষে ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাকে পাবে না ম্যানইউ। কোচ এরিক টেন হ্যাগ স্বীকার করেছেন, তাকে কতদিন পাওয়া যাবে না জানা নেই তার।

এই মৌসুমে ২৮ গোল করেছেন র‌্যাশফোর্ড। তাকে না পাওয়া হবে ইউনাইটেডের জন্য বড় ধাক্কা। বুধবার সকালে এক বিবৃতিতে ম্যানইউ জানায়, চলতি মৌসুমে ফিরতে পারেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। পরে সংবাদ সম্মেলনে টেন হ্যাগ জানান, তার ফেরার দিনক্ষণ সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

কোচ বলেন, ‘কয়েকটা ম্যাচ, এখন পর্যন্ত এটাই বলা যাচ্ছে।’ লুক শকেও সেভিয়ার বিপক্ষে দেখা যাবে না যোগ করে টেন হ্যাগ বলেন, ‘আমি বিস্তারিত কিছু বলতে পারছি না। কারণ আমরা জানি না। ইনজুরির অবস্থা কতদূর গড়ায় সেটাই দেখবো আমরা।’

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে পা রাখতে যাচ্ছে ম্যানইউ। ১১ দিনের মধ্যে চারটি ম্যাচ খেলবে তারা, শুরু হবে ওল্ড ট্র্যাফোর্ডে সেভিয়াকে স্বাগত জানিয়ে। টেন হ্যাগের দল রোববার নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে। তারপর স্পেনে দ্বিতীয় লেগে সেভিয়ার সামনে দাঁড়াবে এবং ২৩ এপ্রিল ওয়েম্বলিতে এফএ কাপ সেমিফাইনাল খেলবে ব্রাইটনের সঙ্গে।

র‌্যাশফোর্ড সাইডলাইনে যাওয়ায় ১৪ জানুয়ারির পর প্রথমবার শুরুর একাদশে অ্যান্থনি মার্সিয়ালকে রাখতে পারেন টেন হ্যাগ। এই মৌসুমে ইনজুরির কারণে ৪৯ ম্যাচের ৩২টিতে ছিলেন না মার্সিয়াল। তবে গত তিন ম্যাচে বদলি নামেন তিনি।