টানা তিনটি ড্রয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় দফায় আর্সেনালের ছন্দপতন। শীর্ষে থাকলেও তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। দুই ম্যাচ কম খেলা পেপ গার্দিওলার দল বাকি সব ম্যাচ জিতলে গানারদের কিছুই করার থাকবে না। সেক্ষেত্রে বুধবার সিটিজেনদের বিপক্ষে আর্সেনালের ম্যাচ হতে যাচ্ছে মহাগুরুত্বপূর্ণ। কিন্তু এই ম্যাচ জিতলে বা হারলেই লিগ শিরোপা নির্ধারণ হয়ে যাবে, এমনটা মানতে নারাজ কোচ মিকেল আর্তেতা।
এবার প্রিমিয়ার লিগে প্রথম ১৯ ম্যাচে মাত্র একটি হারা আর্সেনাল পরের তিন ম্যাচে জিততে পারেনি, দুটি ড্র ও একটি হার। পরে টানা সাত ম্যাচ জিতে আবার শীর্ষে শক্তভাবে অবস্থান নিয়েছিল তারা। কিন্তু সবশেষ তিনটি ম্যাচ ড্র করে শিরোপা হারানোর শঙ্কা নিয়ে ম্যানচেস্টার সিটির মাঠে নামতে যাচ্ছে আর্সেনাল। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা, ৩০ ম্যাচ খেলে সিটিজেনদের পাশে শোভা পাচ্ছে ৭০ পয়েন্ট। আরেকবার পা হড়কে গেলে ১৯ বছর পর শিরোপা পুনরুদ্ধারের মিশনে বিরাট বিপদে পড়বে গানাররা। অবশ্য আর্তেতা তেমনটা মনে করেন না।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আর্সেনালের কোচ নির্ভার, ‘আমরা জানতাম আমাদের ইতিহাদে যেতে হবে, এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু এটাই কি মৌসুম নির্ধারণ করবে? না।’
আগের তিন ম্যাচে একই ফল হলেও প্রথম দুটি ও শেষটির মধ্যে ভিন্নতা দেখেছেন আর্তেতা। ওয়েস্ট হ্যাম ও লিভারপুলের বিপক্ষে দুই গোলের লিড নিয়েও ড্র করেছিল, তারপর গত শুক্রবার তলানির দল সাউদাম্পটনের কাছে দুইবার দুই গোলে পিছিয়ে পড়েও ৩-৩ গোলের ড্রয়ে পয়েন্ট উদ্ধার করেছিল গানাররা। ওই ম্যাচে ছেলেদের পারফরম্যান্সে মুগ্ধ আর্তেতা, ‘সবার মনে বিশ্বাস আছে, সাউদাম্পটনের ম্যাচে খেলোয়াড়রা কীভাবে সাড়া দিয়েছিল, আমি দেখেছি। তারা প্রতিটি মুহূর্তে একে অন্যকে রক্ষা করেছে। আমরা সত্যিই এটা চাই এবং কাল রাতে আবারও সেটা করে দেখাতে চাই। কিন্তু সেটা হতে হবে নিখুঁত। কারণ মৌসুমের এই সময়ে সেটাই দাবি করে।’
এই ম্যাচ জিতলেই যে আর্সেনালের শিরোপা নিশ্চিত হয়ে যাবে সেটাও মানেন না আর্তেতা, ‘আমরা যদি কাল জিতি, তাহলে কিন্তু লিগ জিতে যাবো না। হয়তো সম্ভাবনা বেড়ে যাবে, কিন্তু লিগে তারপরও পাঁচটা কঠিন ম্যাচ খেলতে হবে।’
আর্সেনাল কোচ আরও বলেন, ‘শুরু থেকে আমরা জানতাম সিটি ও লিভারপুলকে হারাতে হবে। গত ছয়-সাত বছর ধরে তারা যা করেছে, সেজন্য প্রশংসা পাবে তারা। আমরা ব্যবধান ঘুচাতে চেয়েছিলাম, এখন আমরা একেবারে কাছাকাছি।’
এই ম্যাচের আগে ম্যানসিটির সঙ্গে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান আর্সেনালের পক্ষে নেই। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ তারা সিটিজেনদের কাছে হেরেছে। ২০১৫ সালের পর থেকে প্রিমিয়ার লিগে জিততে পারেনি গানাররা। সবশেষ এই মৌসুমে এফএ কাপে ১-০ গোলে ও লিগে ৩-১ গোলে হেরেছে। এবার জয়খরা কাটাতে না পারলে ২০০৪ সালের পর শিরোপা জেতার স্বপ্ন হয়ে যেতে পারে ফ্যাকাশে।