জিতে ইউরোপে খেলার আশা বাঁচিয়ে রাখলো লিভারপুল

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেলো লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সেরা চার দলের একটি হয়ে আগামী চ্যাম্পিয়নস লিগ খেলার আশা বাঁচিয়ে রাখলো তারা।

এখনও চতুর্থ স্থান থেকে বেশ দূরে লিভারপুল। সবশেষ জয়ে ৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পারকে টপকে ছয়ে উঠেছে তারা। স্পারদের সমান পয়েন্ট পেলেও গোলব্যবধানে এগিয়ে অলরেডরা। পাঁচে থাকা অ্যাস্টন ভিলা এক ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে কেবল একটি পয়েন্টে এগিয়ে। ৩০ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে চারে ম্যানইউ।

ওয়েস্ট হ্যামের মাঠে জয় সহজে পায়নি লিভারপুল। ১২ মিনিটে বাঁ দিক থেকে কাট করে মিখাইল আন্তোনিওর সঙ্গে ওয়ান-টু পাসে লুকাস পাকুয়েতা স্বাগতিকদের এগিয়ে দেন। লিভারপুল বেশিক্ষণ পিছিয়ে থাকেনি। ছয় মিনিট পর পাল্টা গোলে জবাব দেয় তারা।

ডাচ স্ট্রাইকার কডি গাকপো সেন্ট্রাল পজিশনে বল পেয়ে স্বাগতিক গোলকিপার লুকাস ফ্যাবিয়ানস্কিকে পরাস্ত করেন। বিরতির ঠিক আগে ভার্জিল ফন ডাইকের ব্লকে বড় বাঁচা বেঁচে যায় লিভারপুল। 

বল দখলে লিভারপুল এগিয়ে থাকলেও বিরতির পর হ্যামাররা বিপজ্জনক ছিল। জ্যারড বোয়েন একক চেষ্টায় গোল করেন, কিন্তু ভিএআরে তার অফসাইড ধরা পড়ায় সেটা বাতিল হয়।

একটি শট ব্লক হওয়ার কয়েক মিনিট পর জোয়েল মাতিপ সফল হন। ৬৭ মিনিটে অ্যান্ডি রবার্টসনের কর্নারে খুব কাছ থেকে বুলেট গতির হেডে লিভারপুলকে জয়সূচক গোল এনে দেন তিনি।

ওয়েস্ট হ্যাম শেষ দিকে বক্সের মধ্যে থিয়াগো আলকান্তারার হ্যান্ডবলের দাবি তুলে পেনাল্টির আবেদন জানায়। যদিও রেফারি তা প্রত্যাখ্যান করেন। তাতে টানা তৃতীয় জয় পায় লিভারপুল।