ল্যাম্পার্ডের চেলসির টানা পাঁচ হার

স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে চেলসিকে হারিয়ে দিলো ব্রেন্টফোর্ড। এই ফল অপ্রত্যাশিত নয়। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ হারের লজ্জা পেলো ব্লুরা। গ্রাহাম পটার বরখাস্তের পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়ে সবগুলো ম্যাচই হারলেন ক্লাবের লিজেন্ড ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।

বুধবার ব্রেন্টফোর্ড ২-০ গোলে হারিয়েছে চেলসিকে। তাতে ৩৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে গেছে বিস। আর চেলসি এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে আগের মতো ১১তম।  নতুন মালিক খেলোয়াড় কেনায় কাড়ি কাড়ি টাকা খরচ করলেও ১৯৯৩-৯৪ মৌসুমের পর সম্ভবত সবচেয়ে বাজেভাবে লিগ শেষ করতে যাচ্ছে তারা।

কাছের পোস্ট থেকে ডিফেন্ডার মাতিয়াস জর্গেনসেনের হেড থেকে চেলসির অধিনায়ক সিজার আজপিলিকুয়েতা আত্মঘাতী গোল করে ব্রেন্টফোর্ডকে এগিয়ে দেন। ৩৭ মিনিটের ওই গোলের আগে অতিথিরা লক্ষ্যে কোনও শটই নিতে পারেনি।

বিরল গোলের দেখা পেতে হাফটাইমে উইঙ্গার মিখাইলো মুদরিক ও স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবেমেয়াংকে নামান ল্যাম্পার্ড। কিন্তু সব প্রতিযোগিতা মিলে সাত ম্যাচে মাত্র একটি গোল করা দল জালের দেখা পায়নি।

উল্টো ৭৮তম মিনিটে চেলসির জালে বল জড়ায় ব্রেন্টফোর্ড। ডানদিক থেকে এমবেউমোর শট কেপা আরিজাবালাগার গায়ে লেগে লক্ষ্যভেদ করে।