এ বছরের আগস্টে অনুষ্ঠিত হবে রিও অলিম্পিক। তবে এখনও স্বাগতিক ব্রাজিলের অলিম্পিক ফুটবল দলে নেইমারের খেলার বিষয়টি চূড়ান্ত হয়নি। বার্সা কোচ লুইস এনরিক তরুণ এ ফুটবলারের ছাড়পত্রের ব্যাপারে এখনও কোনও নিশ্চয়তা দিতে পারছেন না।
অলিম্পিক টুর্নামেন্টে সাধারণত অনূর্ধ্ব-২৩ দল খেলে থাকে। তবে তিনজন সিনিয়র ফুটবলার দলে খেলতে পারেন। ঘরের মাঠে আসরটি হওয়ায় খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন নেইমার। ২০১২ লন্ডন অলিম্পিকে সেলেসাওদের দলে ছিলেন তিনি। যদিও ফাইনালে মেক্সিকোর কাছে হার মানে হলুদ জার্সিধারীরা।
অলিম্পিকের আগে জুন মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ‘স্পেশাল কোপা আমেরিকা’। কোপার শত বছর পূর্তি উপলক্ষ্যে এমন আয়োজন।
কাতালান কোচ এনরিক চাচ্ছেন না টানা ম্যাচ খেলে ইনজুরির ঝুঁকিতে থাকুক নেইমার। এনরিক বলেন, কারও ঘরের মাঠে অলিম্পিক গেমস হচ্ছে, সেটি যে কোনও ক্রীড়াবিদের কাছে বিশেষ কিছু। কোন ধরনের খেলা হচ্ছে এটা আসলে কোন মূখ্য বিষয় না। নেইমার ইতোমধ্যে কোপা আমেরিকার জন্য নিজের ছাড়পত্র নিয়েছে। আমরা এখন এই পরিস্থিতি নিয়ে ভাবছি। শুধু নেইমারই নয়, সে দলে রাফিনহাও রয়েছে।
/এমআর/