ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওন ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা হারের পর জয়ে ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে অ্যান্থনি মার্সিয়াল ও আলেহান্দ্রো গারনাচোর লক্ষ্যভেদে ২-০ গোলে উলভসকে হারিয়েছে তারা। এই জয়ে চ্যাম্পিয়নস লিগে ফেরার আরও কাছে রেড ডেভিলরা। এক মৌসুম পর আবারও শীর্ষ ইউরোপিয়ান ফুটবলে ফেরার অপেক্ষায় তারা।
পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বে সরাসরি খেলবে। ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইউনাইটেড। পঞ্চম স্থানে থাকা লিভারপুলের চেয়ে চার পয়েন্টে এগিয়ে তারা। দুই দলেরই হাতে তিনটি করে ম্যাচ আছে।
আধঘণ্টা হতেই পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে অ্যান্টনি হেড করে গোলবারের ওপর দিয়ে বল মারেন। দুই মিনিট পর প্রায়শ্চিত্ত করেন ব্রাজিলিয়ান উইঙ্গার। প্রতি আক্রমণে ডানদিক থেকে মার্সিয়ালকে দিয়ে গোল করান তিনি।
এক ঘণ্টা পর অ্যান্টনি আবারও আক্রমণে। ব্রুনো ফার্নান্দেসের ব্যাক হিলে বক্সের প্রান্তে বল পান তিনি। কিন্তু ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ানের শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে কাছের পোস্ট ঘেষে বেরিয়ে যায় বল।
৬৪তম মিনিটে ফার্নান্দেস ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন। বাঁ দিক দিয়ে ঢুকে কাছ থেকে লক্ষ্যে শট নেন তিনি। কিন্তু উলভসের অভিষিক্ত কিপার ড্যানিয়েল বেন্টলি তার শট ঠেকান। পরে জ্যাডন সানচোর একই প্রচেষ্টা রুখে দেন তিনি।
গোড়ালির ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা গারনাচো ৮২ মিনিটে বেঞ্চ ছেড়ে মাঠে নামেন। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে লম্বা দৌড়ে এসে নেওয়া তার শট ডানপাশের পোস্টের ভেতরে লেগে জালে জড়ায়।
আরেক ম্যাচে চেলসি পিছিয়ে পড়েও লিড নিয়েছিল। কিন্তু নটিংহ্যাম ফরেস্ট জিততে দেয়নি তাদের। ১৩ মিনিটে আয়োনিয়ি নটিংহ্যামকে এগিয়ে দেন। বিরতির পর ৭ মিনিটের ব্যবধানে দুটি গোল করেন রহিম স্টার্লিং। ২-১ গোলে লিড চার মিনিট ধরে রেখেছিল চেলসি। ৬২ মিনিটে আয়োনিয়ি গোল শোধ দেন।
৩৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরেই আছে চেলসি। নটিংহ্যাম ৩৪ পয়েন্ট নিয়ে ১৬তম।