ম্যানচেস্টার সিটি দিনের আগের ম্যাচে এভারটনকে হারিয়ে ৪ পয়েন্টের লিড নিয়েছিল। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে টিকে থাকতে পরের ম্যাচ জিততেই হতো আর্সেনালকে। কিন্তু নখদন্তহীন পারফরম্যান্সে বলতে গেলে ছিটকে গেলো গানাররা।
৩-০ গোলে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের কাছে ঘরের মাঠে হেরেছে আর্সেনাল।
৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। এক ম্যাচ বেশি খেলে ৮১ পয়েন্ট আর্সেনালের।
জুলিও এনকিসো, ডেনিজ উনদাভ ও পারভিস এস্তুপিনানের গোলে আর্সেনালের শিরোপার স্বপ্নে ধুলো পড়লো।
আর্সেনালের সাবেক ব্রাইটন ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রসার্ড প্রথমার্ধে ক্রসবারে আঘাত করেন। ওই একটি শটই নিয়েছিল গানাররা। দ্বিতীয়ার্ধে ফিরে এনকিসো লিড এনে দেন ব্রাইটনকে। ৮৬তম মিনিটে অ্যারন রামসডেলকে পরাস্ত করেন উনদাভ। যোগ করা সময়ে এস্তুপিনান শেষ পেরেক ঠুকে দেন।
মৌসুমের পঞ্চম লিগ ম্যাচ হারলো আর্সেনাল। দুই ম্যাচ হাতে আছে তাদের। আগামী সপ্তাহে চেলসির বিপক্ষে জিতে গেলে ম্যানসিটির ছয় বছরে পঞ্চম ট্রফি নিশ্চিত হয়ে যাবে।