লিগ শেষ করেই ইউরোপিয়ান জায়ান্টদের এশিয়া সফর

ইংলিশ প্রিমিয়ার লিগ প্রায় শেষের পথে। তাতে জয়ের সুবাস পাচ্ছে ম্যানচেস্টার সিটি। লিগ সমাপ্ত করেও ইউরোপিয়ান জায়ান্টরা বসে থাকছে না। তারা প্রীতি ম্যাচ খেলতে এই গ্রীষ্মেই আবার এশিয়া সফরে নামবে।

সিটির মতো মহাদেশীয় সফরে বের হবে লিভারপুল ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও। মঙ্গলবার তাদের সফরের বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

পেপ গার্দিওলার সিটি টোকিওতে প্রীতি ম্যাচে বায়ার্ন মিউনিখ ও জাপানের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন ইউকোহামা এফ মারিনোসের মুখোমুখি হবে। সিটি মারিনোসের মুখোমুখি হবে ২৩ জুলাই। তিনদিন পর মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। দুটি ম্যাচই হবে টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে।

এই সময়ে বায়ার্ন মিউনিখও আলাদা করে জে লিগ ক্লাব কাওয়াসাকি ফ্রন্টালের বিপক্ষে খেলবে। তার পর ২ আগস্ট সিঙ্গাপুরে মুখোমুখি হবে লিভারপুলের। রেডরাও সেখানে খেলবে দুটি ম্যাচ। 

টটেনহাম হটস্পাররা আবার সফর করবে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুর। পার্থে ১৮ জুলাই ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে স্পাররা। তার পর ব্যাংককে ২৩ জুলাই মুখোমুখি হবে লিস্টারের। তাদের সফরের আনুষ্ঠানিকতা শেষ হবে ২৬ জুলাই। সেখানে টটেনহাম মুখোমুখি হবে মরিনহোর দল এএস রোমার।

অতি সম্প্রতি স্প্যানিশ লিগ জয়ী বার্সেলোনাও এই সময়ে এশিয়া মহাদেশ সফর করবে। লিগ শেষ করার পর দিনই তারা জুনে টোকিওতে মুখোমুখি হবে আন্দ্রেস ইনিয়েস্তার দল ভিসেল কোবের।