কাসেমিরোর গোলে চ্যাম্পিয়নস লিগের আরও কাছে ম্যানইউ

এএফসি বোর্নমাউথের মাঠে ম্যাচের শুরুর দিকেই গোল করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ব্যবধান বাড়ানোর চাপ ছিল। স্বাগতিকরাও বেশ কয়েকটি আক্রমণে ইউনাইটেডকে ভড়কে দিয়েছিল। শেষ পর্যন্ত কাসেমিরোর করা গোল পার্থক্য গড়ে দেয়।

১-০ গোলে বোর্নমাউথকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের আরও কাছে ম্যানইউ। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের চারে থেকে ইউরোপ সেরার প্রতিযোগিতায় লড়াই নিশ্চিত করার অপেক্ষায় তারা।

৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে ম্যানইউ। গোল পার্থক্যে নিউক্যাসেল ইউনাইটেডের পরে তারা।

বল দেওয়া নেওয়া করে ম্যাচের শুরুতে আধিপত্য দেখায় ম্যানইউ। নবম মিনিটে এগিয়ে যায় তারা। ক্রিস্টিয়ান এরিকসেনের বাড়ানো বল ঠেকাতে ব্যর্থ হন চেরিস ডিফেন্ডার মার্কোস সেনসেই। বল পেয়ে ওভারহেড কিকে জাল কাঁপান কাসেমিরো। 

পিছিয়ে পড়ার পর ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল বোর্নমাউথ। প্রথমার্ধে ডোমিনিক সোলাঙ্কে লম্বা বল বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যে শট নেন। ম্যানইউ কিপার ডেভিড ডি গিয়া বাঁ দিকে ডাইভ দিয়ে সেভ করেন।

ওই প্রচেষ্টা বোর্নমাউথকে আরও জ্বালিয়ে দেয়। তাদের একাধিক সুযোগ রক্ষণাত্মক হেডে ব্যর্থ করেন অতিথি ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ। তবে দ্বিতীয়ার্ধে সেই ধার ছিল না বোর্নমাউথের।

বিরতির পর বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল যোগ করতে পারেনি ম্যানইউ। বরঞ্চ কিয়েফের মুর ও সেনসেইর আক্রমণে জয় হাতছাড়া করতে বসেছিল তারা। শেষ পর্যন্ত প্রতিপক্ষের মাঠ থেকে খুশি মনে ফিরেছে এরিক টেন হ্যাগের শিষ্যরা।