টাইব্রেকারে রোমাঞ্চকর জয়ে প্রথমবার প্রিমিয়ার লিগে লুটন

লুটন টাউন, ইংলিশ ফুটবলে বড্ড অপরিচিত নাম। ইংল্যান্ডের শীর্ষ ফুটবলে তাদের সবশেষ উপস্থিতি ছিল ১৯৯২ সালে, যে বছর শুরু হয় প্রিমিয়ার লিগ। ৩১ বছরের অপেক্ষা ঘুচিয়ে প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগে নাম উঠালো ক্লাবটি।

রূপকথার গল্প লিখে নন-লিগ থেকে প্রিমিয়ার লিগে জায়গা নিশ্চিত করলো লুটন। ওয়েম্বলিতে চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে টাইব্রেকারে তারা ৬-৫ গোলে হারিয়েছে কভেন্ট্রি সিটিকে। ১২০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হলে পেনাল্টি শুটআউটে ম্যাচ নিষ্পত্তি হয়।

টাইব্রেকারেও সাডেন ডেথে গড়ায় ম্যাচ। প্রথম ১১টি পেনাল্টি থেকে হয় গোল। ১২তম পেনাল্টি কিকে কভেন্ট্রির ফ্যাঙ্কাটি ডাবো ক্রসবারের ওপর দিয়ে বল মারলে প্রিমিয়ার লিগ নিশ্চিত করে লুটন।

২৩ মিনিটে জর্ডান ক্লার্কের গোলে এগিয়ে যায় লুটন। কিন্তু বিরতির পর ৬৬ মিনিটে গুস্তাভো হ্যামারের গোল ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়। 

এই দুই গোলের আগেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় লুটন অধিনায়ক টম লকিয়ার মাঠেই জ্ঞান হারালে। যখন তিনি মাটিতে লুটিয়ে পড়েন, আশেপাশে কোনও খেলোয়াড় ছিল না। মাঠেই প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়। স্বস্তির খবর, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং পরিবারের সঙ্গে কথাও বলেছেন।

বার্নলি ও শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে লুটন। ১৯৯২ সালের পর প্রথমবার তাদের কেনিলওর্থ রোড স্টেডিয়াম আয়োজন করবে শীর্ষ লিগের ম্যাচ।