সৌদি যাওয়ার গুঞ্জন উড়িয়ে রিয়ালেই থাকছেন বেনজেমা

কদিন ধরেই চলছিল গুঞ্জন। বৃহস্পতিবার সৌদি আরবের গণমাধ্যমে প্রতিবেদন, ৪০ কোটি ইউরোতে সৌদি চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে যাচ্ছেন করিম বেনজেমা। তাদের সঙ্গে চুক্তির ইচ্ছার কথাও নাকি রিয়াল মাদ্রিদকে জানিয়ে দিয়েছেন। ঘণ্টাখানেক পর উল্টো খবর। সৌদি যাওয়ার খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দেন ফরাসি ফরোয়ার্ড।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর, বেনজেমা রিয়ালকে জানাননি যে তিনি চলে যেতে চান। চুক্তির আরও এক মৌসুম থাকবেন বলে নিশ্চিত করেন। আগামী বছর পর্যন্ত অপেক্ষায় রেখেছেন আল ইত্তিহাদকে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘আমি কি রিয়াল মাদ্রিদে থাকছি? হ্যাঁ, আমি এখনও এখানেই আছি। প্রত্যেক দিন উপভোগ করি। আমি ট্রেনিং সেশন উপভোগ করি। আগামী শনিবার আমাদের একটি ম্যাচ আছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি যখন রিয়াল মাদ্রিদে আছি তখন কেন আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলবো? যা বলা হচ্ছে সেগুলো আসছে ইন্টারনেট থেকে। ইন্টারনেট সবসময় বাস্তব নয়।’