মিরালেম পিয়ানিচ, পাকো আলকাসের ইউরোপের বড় বড় দলগুলোর জার্সিতে খেলেছেন। দুজনেই বার্সেলোনায় খেলতেন একসময়। বসনিয়ান মিডফিল্ডার পিয়ানিচ সম্প্রতি ইউরোপ ছেড়ে এশিয়ায় পা রেখেছেন। একই পথে পা বাড়িয়েছেন স্প্যানিশ স্ট্রাইকার আলকাসের। বাংলাদেশের শীর্ষ ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসকে এবার দেখা যাবে তাদের বিপক্ষে খেলতে।
সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শারজা এফসিতে খেলেন পিয়ানিচ ও আলকাসের। একই দলে আছেন রোমা, নাপোলির জার্সিতে খেলা গ্রিসের কস্তাস মানোলাস। এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি চ্যাম্পিয়নস লিগ প্রাথমিক পর্বের সূচি প্রকাশের মাধ্যমে ইউরোপ ও আন্তর্জাতিক ফুটবলের একাধিক তারকার বিপক্ষে বসুন্ধরার খেলা চূড়ান্ত হয়েছে। শারজা ও বসুন্ধরা মুখোমুখি হচ্ছে ১৫ আগস্ট। অবশ্য সূচিতে ভেন্যু ও সময় উল্লেখ করা হয়নি।
প্রথম বাংলাদেশি দল হিসেবে বসুন্ধরা এশিয়ার শীর্ষস্তরের ক্লাব প্রতিযোগিতার বাছাইপর্বে খেলবে। ড্র শেষে বাছাইয়ে পশ্চিম অঞ্চলে পড়েছে তারা। শারজার বিপক্ষে তাদের জিততে হবে এবং পরে ইরানের ট্রাক্টর এফসিকে হারাতে হবে। তাহলেই মিলতে পারে শীর্ষ প্রতিযোগিতার গ্রুপ পর্বের টিকিট।