এশিয়ান গেমসের প্রস্তুতিতে ছেলেদের সঙ্গে সাবিনাদের ম্যাচ চান কোচ

এশিয়ান গেমসে কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে বাংলাদেশের মেয়ে জাতীয় দলকে। তার আগে সেরা ফিটনেস ফিরে পেতে ছেলেদের বয়সভিত্তিক দলের সঙ্গে ম্যাচ চান কোচ সাইফুল বারী টিটু।

এশিয়ান গেমস ফুটবলে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। সিনিয়র দলের এই প্রতিযোগিতায় লাল-সবুজ দলের গ্রুপে রয়েছে জাপান-ভিয়েতনাম-নেপাল। ছুটি কাটিয়ে আজ মঙ্গলবার থেকে কৃষ্ণা রানী সরকার-শামসুন্নাহাররা মাঠের অনুশীলনে ফিরেছেন। প্রচণ্ড রোদে শেখ জামাল ধানমন্ডি মাঠে ঘণ্টা দেড়েক তাদের অনুশীলনে ছিলেন নতুন কোচ। রানিং, স্ট্রেচিংসহ সব অনুশীলনই করেছেন তারা।

তবে অধিনায়ক সাবিনা খাতুন দুই দিন পর অনুশীলনে যোগ দেবেন। চোট থাকায় প্রায় বসেই ছিলেন কৃষ্ণা। সানজিদা আক্তার ও তহুরা খাতুনের জ্বর। তাই অনুশীলন করেননি। আনাই মোগিনি একদিন পর আসবেন। বিকেএসপির খেলোয়াড়রা আজই ক্যাম্পে ওঠার কথা।

প্রথম দিনের অনুশীলন দেখে নতুন কোচের মনে হয়েছে ফিটনেসের দিকে আরও দৃষ্টি দিতে হবে। বিশেষ করে বিশ্বকাপে খেলা জাপান-ভিয়েতনামের মতো দলের বিপক্ষে লড়তে হলে সেরা ফিটনেস নিয়েই মাঠে নামার পক্ষপাতী কোচ টিটু, ‘আগে যা ট্রেনিং করতো সেটাই চলেছে। জাপান, ভিয়েতনাম, নেপালের সঙ্গে খেলতে হবে। সেটা নিয়ে কাজ করতে হচ্ছে।  নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে যে দলকে দেখেছিলাম, আজ মনে হয়েছে ফিটনেস কিছুটা কম আছে। কিছুটা ঘাটতি মনে হচ্ছে। ওখানে ফোকাস থাকছে। জাপানের মতো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হলে ফিটনেস লাগবেই।’ 

অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচও খেলতে চান টিটু। প্রয়োজনে ছেলেদের বিপক্ষে খেলতে চান তিনি, ‘প্রস্তুতি ম্যাচ পাবো কিনা জানি না। তবে ছেলেদের অনূর্ধ্ব-১৯ ও ১৬ দল পাওয়া যায় কিনা দেখতে হবে। হংকংয়ে ২০০৯ কোর্স করতে গিয়ে দেখেছিলাম সেখানকার জাতীয় দলকে বয়সভিত্তিক দলের বিপক্ষে ম্যাচ খেলতে। আসলে ছেলেদের সঙ্গে তো পেরে ওঠা কঠিন। আমরা যদি এমন ম্যাচ খেলতে পারি... এখন দেখা যাক কী হয়।’