নারী ফুটবল বিশ্বকাপে চুমুকাণ্ডের ঘটনা এবার ধর্মঘট পর্যন্ত গড়িয়েছে। ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হেরমোসোকে তার সম্মতিতে চুমু দিয়েছেন বলে দাবি করেছিলেন স্পেন ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। কিন্তু বিশ্বকাপ জয়ী হেরমোসো এর প্রতিবাদ জানিয়ে বলেছেন, তিনি মোটেও সম্মতি দেননি। বরং বড় ধরনের ধর্মঘটে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ঘটনার বিস্তারিত জানা গেছে, নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রোর বিবৃতিতে। সেখানেই জানানো হয়েছে এই ঘটনার প্রতিবাদে যতক্ষণ পর্যন্ত স্পেন ফুটবল ফেডারেশনের বর্তমান নেতৃত্ব দায়িত্বে থাকছে, হেরমোসো এবং আরও ৮০জন খেলোয়াড় জাতীয় দলের হয়ে কোনও ম্যাচ খেলবেন না।
অবশ্য শুক্রবার এরই মধ্যে রুবিয়ালেস জানিয়ে দিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। ফেডারেশনের জরুরি সভায় জ্বালাময়ী ভাষণে বলেছেন, স্পেনের বিশ্বকাপ জয়ের দিন হেরমোসোর সম্মতি নিয়েই তাকে চুমু দিয়েছিলেন। সম্মতি চাইলে জবাবে হেরমোসোও তাকে ‘হ্যাঁ’ বলেছিলেন। পরে অবশ্য এর প্রতিবাদ জানিয়েছেন হেরমোসো। বলেছেন, কোনওভাবেই চুমুর জন্য সম্মতি দেননি তিনি। বরং ওই সময় নিজেকে ‘অসহায়’ ও শারীরিকভাবে লাঞ্ছনার শিকার ভেবেছেন।
এদিকে, চুমুকাণ্ডের ঘটনায় রুবিয়ালেসকে নিষেধাজ্ঞার আওতায় আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছে স্পেন সরকার। দেশটির ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের প্রধান ভিক্টর ফ্রাঙ্কোস বলেছেন, ‘সরকার আইনি প্রক্রিয়া শুরু করেছে। যাতে রুবিয়ালেস ক্রীড়া আদালতে তার কৃতকর্মের ব্যাখ্যা দিতে বাধ্য হন। আদালত যদি একমত হয় তাহলে এটা নিশ্চিত করছি রুবিয়ালেসকে আমরা নিষিদ্ধ করবো।’