ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরেছিল লিভারপুল। রবিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠ থেকেও জয় নিয়ে ফিরতে পারলো না তারা। মোহাম্মদ সালাহ জোড়া গোল করে জয়ের স্বপ্ন দেখান। তবে ব্রাইটন অধিনায়ক লুইস ডাঙ্কের ভলি জালে জড়িয়ে তাদের হতাশ করে।
দুই দলই কয়েকটি সুবর্ণ সুযোগ নষ্ট করে। তাতে জয়ের পরিবর্তে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। এক পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ ব্রাইটন।
২০ মিনিটে সিমন অ্যাডিনগ্রা এগিয়ে দেন ব্রাইটনকে। ৪০ মিনিটে ট্রেডমার্ক বাঁ পায়ের কাজ দেখিয়ে সমতা ফেরান সালাহ। মিশরীয় ফরোয়ার্ড প্রথমার্ধের স্টপেজ টাইমে পেনাল্টি থেকে লিভারপুলকে এগিয়ে দেন। প্যাস্কাল গ্রস বক্সের মধ্যে ফেলে দেন ডমিনিক সোবোসলাইকে। সালাহ ব্রাইটন কিপার বার্ট ভারব্রুগেনের বাঁ পাশ দিয়ে জাল কাঁপান।
হাফটাইমে হার্ভি এলিয়টের বদলি নামা রায়ান গ্রাভেনবার্খ লিভারপুলকে দুই গোলে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ হারান। ৫৪ মিনিটে তার শট ক্রসবারে আঘাত করে। এই ডাচ ফুটবলার ৬৫তম মিনিটে আরেকটি সুযোগ পান। তার এবারের শট ছিল দুর্বল, সহজে গোলকিপারের হাতে জমে যায়।
দ্বিতীয়ার্ধে ব্রাইটনও সুযোগ পেয়েছিল। ৬৯ মিনিটে তারা পেনাল্টির আবেদন জানায়। ডানপ্রান্ত থেকে কাওরু মিতোমার কাটে বল ভার্জিল ফন ডাইকের হাতে লাগার দাবি করে তারা। রেফারি তা আমলে নেননি।
৭৮তম মিনিটে ব্রাইটন সমতা ফেরায়। সলি মার্চের ফ্রি কিক অ্যান্ডি রবার্টসন ছেড়ে দিলে ডিফেন্ডার ডাঙ্কের ভলি জালে জড়ায়। জিতে মাঠ ছাড়ার সুযোগ পায় স্বাগতিকরা। ৮৪ মিনিটে খুব কাছ থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি ব্রাইটনের জোয়াও পেদ্রো।