ইংলিশ প্রিমিয়ার লিগে এএফসি বোর্নমাউথ ম্যানচেস্টার সিটির মাঠে বিধ্বস্ত হলো। জেরেমি ডকুর নৈপুণ্যে ইতিহাদ স্টেডিয়ামে ৬-১ গোলে জিতেছে হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। গোল উৎসব করে পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে গেলো তারা।
প্রথমার্ধে সাত মিনিটের মধ্যে তিন গোল করে ম্যানসিটি। ডকু খোলেন গোলমুখ, পরে করিয়েছেন দুটি গোল। দ্বিতীয়ার্ধেও দুটি গোলে অ্যাসিস্ট ছিল বেলজিয়ান ফরোয়ার্ডের।
৩০ মিনিটে বক্সের প্রান্তে রদ্রির সঙ্গে ওয়ান-টু পাসের পর ডকু জাল কাঁপান। তিন মিনিট পর পায়ের দারুণ কাজে বোর্নমাউথের রক্ষণকে নিষ্ক্রিয় করে বের্নার্ডো সিলভাকে দিয়ে গোল করার তিনি। ৩৭তম মিনিটে তার বাঁ পায়ের শট সতীর্থ মানুয়েল অ্যাকাঞ্জির গায়ে লেগে জালে জড়ায়।
আর্লিং হাল্যান্ড প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। হাফ টাইমে তার বদলি নামা ফিল ফডেন ৬৪তম মিনিটে স্কোর ৪-০ করেন। এই গোলেও ছিল ডকুর অ্যাসিস্ট।
লুইস সিনিসতেরা বোর্নমাউথের হয়ে একটি গোল শোধ দিলেও সিলভা ও নাথান আকে ম্যানসিটির জয়ের ব্যবধান আরও বাড়ান।
এই জয়ে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো ম্যানসিটি। আগামী সোমবার ঘরের মাঠে চেলসির মুখোমুখি হতে যাওয়া টটেনহ্যাম হটস্পারের (২৬) চেয়ে এক পয়েন্টে এগিয়ে তারা।
এদিকে লিগে আগের ম্যাচে ম্যানসিটির কাছে হারা নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউ স্বস্তির জয় পেয়েছে। ফুলহ্যাম তাদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার খুব কাছে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ব্রুনো ফের্নান্দেসের গোল গড়ে দেয় পার্থক্য। ১-০ গোলে জয়ে ফেরে ইউনাইটেড। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে গেলো এরিক টেন হ্যাগের শিষ্যরা।