ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে লিভারপুল। বিশাল এই জয়ের ক্ষণটিতেও দিশেহারা হয়ে পড়েছিলেন কোচ ইয়ুর্গেন ক্লপ! পোস্ট ম্যাচে উদযাপন করতে গিয়ে হারিয়ে ফেলেছিলেন নিজের বিয়ের আংটি।
ভাগ্য ভালো তখন মুহূর্ত ক্যামেরায় ধারণ করছিলেন একজন টিভি ক্যামেরাম্যান। অ্যানফিল্ডে মাঠের মাঝে সেটি কিছুক্ষণের জন্য হারিয়ে গেলেও পরে তা উদ্ধার হয়েছে এই ক্যামেরাম্যানের মাধ্যমে। তখন জয়ের আনন্দ উদযাপন ছাপিয়ে ক্লপকে কাবু করেছিল আংটি হারানোর বেদনা। পরে সেটি ফিয়ে পেয়ে দলের জয়ের চেয়েও বেশি আনন্দ প্রকাশ করেছেন ক্যামেরার সামনে আংটিতে চুমু খেয়ে। তখনকার অভিজ্ঞতা নিয়ে লিভারপুল কোচ বলেছেন, ‘আমি তখন পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছিলাম। অবশ্য সেটি ফিরেও পেয়েছি।’
এই জয়ে অ্যাস্টন ভিলার সঙ্গে ৩ পয়েন্টের ব্যবধান রেখে শীর্ষস্থান দৃঢ় করেছে লিভারপুল। এই কৃতিত্বের ফলে তখন খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ক্লপ করতালি দিতে থাকা সমর্থকদের কাছে যাচ্ছিলেন। তখনই আবিষ্কার করেন তার আঙুলে বিয়ের আংটিটি নেই! পরে যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেও খুঁজতে যান তিনি। ওই মুহূর্তে একজন তত্বাবধানকারীকে আংটি খুঁজে দিতে সাহায্যও চেয়েছেন। সেই সময় লিভারপুল কোচকে আংটির অবস্থান সম্পর্কে জানান স্কাই স্পোর্টসের একজন ক্যামেরাম্যান। তার পর ক্লপ বলেছেন, ‘এটা ভীষণ ভয়াবহ অভিজ্ঞতা। আংটিটি এর আগেও হারিয়েছিলাম। তখন সেটা খুঁজে নিতে একজন পেশাদার ডাইভারের প্রয়োজন পড়েছিল। কারণ সেটা পড়েছিল সমুদ্রে।’